২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের আগুনে দগ্ধ শফিকুলকেও বাঁচানো গেল না

ষোল দিন আগের ওই গ্যাস দুর্ঘটনায় এ নিয়ে মোট তিনজনের মৃত্যু হল।

গ্যাসের আগুনে দগ্ধ শফিকুলকেও বাঁচানো গেল না

বিস্ফোরণের পর বাড়িটির জানালার কাঁচ এভাবেই চুরমার হয়ে যায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 10:04 AM

Updated : 30 Aug 2023, 10:04 AM

গাজীপুরের বোর্ড বাজার এলাকায় রান্নাঘরের গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ
মিস্ত্রী শফিকুল ইসলামও মারা গেছেন। 

ষোল দিন আগের ওই গ্যাস দুর্ঘটনায় এ নিয়ে মোট তিনজনের মৃত্যু হল।

৩৫ বছর বয়সী শফিকুল ইসলাম ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে ভর্তি ছিলেন। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয় বলে বার্ন ইন্সস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান।

শফিকুলের গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়নে। বাবার নাম হোসাইন আলী।

এর আগে গত ১৭ অগাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মিনারুল ইসলাম (৩৫) এবং ১৪ অগাস্ট তার বাবা ফরমান মণ্ডল (৭৫) মারা যান। 

একই ঘটনায় দগ্ধ মিনারুলের মা খাদিজা হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মিনারুলের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার লক্ষ্মীপুর গ্রামে।

গাজীপুর মহানগরীর গাছা এলাকার উত্তর খাইলকুর জমির উদ্দিন খান রোডের একটি বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন মিনারুল। এ মাসের শুরুতে তার বাবা-মা তার বাসায় বেড়াতে যান।

পুলিশ জানায়, ১৪ অগাস্ট বিকালে গ্যাস শেষ হয়ে গেলে মিনারুল স্থানীয় বাজারের 'খান এন্টারপ্রাইজ' নামের একটি দোকান থেকে গ্যাসভর্তি নতুন সিলিন্ডার কিনে আনেন। কিন্তু সেটির সঙ্গে চুলার সংযোগের পরও গ্যাস জ্বলছিল না। পরে রাতে তিনি মিস্ত্রি শফিকুল ইসলামকে ডেকে আনেন।

সম্ভবত এর আগেই সিলিন্ডারের গ্যাসপাইপ থেকে ঘরে গ্যাস ছড়িয়ে পড়েছিল। রাত সাড়ে ১০টার দিকে শফিকুল মেরামতের সময় অটো চুলার সুইচ চাপ দিলে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

পুরনো খবর:

গ্যাস থেকে বিস্ফোরণ, মিনারুলকেও বাঁচানো গেল না
গাজীপুরে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ বাবার মৃত্যু, ছেলের অবস্থাও আশঙ্কাজনক
গাজীপুরে গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের তিন জনসহ দগ্ধ ৪

সে সময় রান্না ঘরে থাকা শফিকুল ও মিনারুলের মা খাদিজা, পাশের কক্ষে থাকা মিনারুল ও তার বাবা ফরমান মণ্ডল দগ্ধ হন।

তার স্ত্রী ও সন্তান পাশের অন্য একটি কক্ষে থাকায় তারা রক্ষা পান। ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। বিস্ফোরণে কক্ষের জানালার কাচ চুরমার হয়ে যায়, দরজাসহ অন্যান্য আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

গাছা থানার ওসি মো. ইব্রাহীম হোসেন বলেন, গ্যাস সিলিন্ডার অক্ষত থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে জমে থাকা গ্যাস থেকেই এ বিস্ফোরণ হয়েছে।