২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইকে ফোনে নির্যাতনের কথা বলার ২ ঘণ্টা পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতোলা গ্রামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভাইকে ফোনে নির্যাতনের কথা বলার ২ ঘণ্টা পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গৃহবধূ শারমিন আক্তার নুপুর।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 04:06 PM

Updated : 30 Aug 2023, 04:06 PM

লক্ষ্মীপুর সদর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। 

বুধবার দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতোলা গ্রামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনোয়ার হোসেন। 

নিহত শারমিন আক্তার নুপুর (১৯) করইতোলা গ্রামের ওমান প্রবাসী মোহাম্মদ উল্লাহ লিটনের স্ত্রী। এই দম্পতির আট মাস বয়সী এক ছেলে রয়েছে। ২০২২ সালে তাদের বিয়ে হয়। 

নুপুর উপজেলার দিঘলী ইউনিয়নের জামিরতলী গ্রামের ফখরুল ইসলাম ও মোবাশ্বেরা বেগম দম্পতির পালিত কন্যা। 

নুপুরের ছোট ভাই রাকিব হোসেন বলেন, “যৌতুকের দাবিতে নুপুরকে শ্বশুরবাড়ির লোকজন নানা সময়ে মানসিক ও শারীরিক অত্যাচার করত। আজ সকাল ৭টার দিকে নুপুর ফোন করে আমাকে নির্যাতনের কথা জানায়। তার দুই ঘণ্টা পরেই তার মৃত্যুর সংবাদ আসে।” 

নুপুরের বড় ভাই মো. রাজু বলেন, “নুপুরকে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। এটা আত্মহত্যা নয়।”

নুপুরের মা মোবাশ্বেরা বেগম বলেন, “আমার মেয়েকে প্রতিনিয়ত নির্যাতন করত। আমাদের বাড়িতে যেতে দিত না। পালক মেয়ে বলে সবসময় অপমান করত। আমি আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।” 

দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম কামাল উদ্দিন বলেন, “বিভিন্ন সময়ে নুপুরকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করত বলে শুনেছি। যৌতুকও নাকি দাবি করত। বিষয়টি নুপুর তার ওয়ার্ডের ইউপি সদস্যকেও জানিয়েছিল। এরপর নাকি নির্যাতনের মাত্রা বেড়ে যায়। তাই পরবর্তীতে নুপুর বিষয়টি আর আমাদেরকে জানায়নি। 

“আজকে তার মৃত্যুর খবর পেয়েছি। মৃতদেহটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলানো ছিল। এক পা খাটের সঙ্গে লেগে ছিল। বিষয়টি পুলিশ তদন্ত করছে”, যোগ করেন ইউপি চেয়ারম্যান। 

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনোয়ার হোসেন বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।