‘স্যার’ না বলায় শিক্ষকের ওপর ‘খেপলেন’ সরকারি কর্মকর্তা
একাডেমিক সুপারভাইজার বলেন, “বিষয়টি নিছক ভুল–বোঝাবুঝি ছিল।“
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘স্যার’ সম্বোধন না করায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ওপর এক সরকারি কর্মকর্তা ‘ক্ষোভ‘ প্রকাশ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শহীদ সেলিম স্মৃতি ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন উত্তরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি লুৎফুল আজাদ।
তবে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কুলিয়ারচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান বলেন, “ক্ষোভ প্রকাশের সঙ্গে ‘স্যার’ বলা না বলার কোনো সম্পর্ক নেই।“
সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলতে হবে কি হবে না- এই নিয়ে সারাদেশে তুমুল আলোচনার মধ্যে এই ঘটনা ঘটল।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন মুশফিকুর রহমান। অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা উপস্থিত ছিলেন।
মুশফিকুর রহমান একে একে নাম ধরে ডাকছিলেন এবং তারা এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছিলেন। সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে আসেন শিক্ষক লুৎফুল আজাদ। একপর্যায়ে তিনি মুশফিকুর রহমানকে ‘ভাই’ বলে সম্বোধন করেন এবং তাদের সংগঠনের নাম বলার অনুরোধ জানান।
শিক্ষক লুৎফুল আজাদ বলেন, “আমরা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম। কিন্তু আমাদের সংগঠনের নাম বলা হচ্ছিল না। তখন আমি খোঁজ নিতে যাই এবং সঞ্চালককে ‘ভাই’ বলে সম্বোধন করি।
“আমি ‘ভাই’ সম্বোধন করার পর তিনি সবার সামনে খেপে যান। ‘স্যার’ না বলায় তিনি আমার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। আমাকে উদ্দেশ করে বলেন, কে আপনার ভাই? নিজেকে কত বড় নেতা ভাবেন? ‘স্যার’ বলেন নাই কেন?”
শিক্ষক বলেন, “মাইক্রোফোনের সামনেই এসব কথা বলায় উপস্থিত সবাই শুনতে পায়। তখন আমি খুব অপমানিত বোধ করছিলাম।“
এ বিষয়ে জানতে চাইলে একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান বলেন, “বিষয়টি নিছক ভুল–বোঝাবুঝি ছিল। পুষ্পার্ঘ্য পর্বের আমি সঞ্চালক ছিলাম। সিরিয়াল নিয়ে সবাই আমাকে বিরক্ত করছিলেন। সবার দাবি তাদের সংগঠনের নাম আগে ডাকা হোক।
“লুৎফুল আজাদ সাহেবও এসে যখন আমার কাছে একই ইস্যুতে কথা বলতে চাচ্ছিলেন, তখন আমি মেজাজ ধরে রাখতে পারিনি।”
মুশফিকুর আরও বলেন, “এই ক্ষোভ প্রকাশের সঙ্গে ‘স্যার’ বলা না বলার সম্পর্ক নেই।”
পরে দুপুরে ইউএনও এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি দুজনকে ডেকে বিষয়টির মীমাংসা করে দেন।
এ ব্যাপারে ইউএনও সাদিয়া ইসলাম বলেন, “ঘটনার সময় আমিও উপস্থিত ছিলাম। পুষ্পার্ঘ্য অর্পণ নিয়ে কিছু ঝামেলা সৃষ্টি হওয়ায় অনেকেই সঞ্চালকের ওপর ক্ষুব্ধ হন।
“শিক্ষক লুৎফুল আজাদের সঙ্গে সঞ্চালকের সামান্য ভুল–বোঝাবুঝি হয়েছে। পরে একে অপরের ভুল বুঝতে পেরেছেন।”
এ ব্যাপারে জানতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছাকে সন্ধ্যায় মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
