বান্দরবানে ঝলমলে রোদের পর বৃষ্টি, বিদ্যুতের আশায় মানুষ
ঢাকা থেকে একটি দল আসার কথা; তারা এসে কাজ না করা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চালু করার কোনো সুযোগ নেই বলে জানায় কর্তৃপক্ষ।
এক সপ্তাহের টানা বৃষ্টির পর বান্দরবানের আকাশে ঝলমলে রোদ উঠেছে; বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে পুরো জেলা।
রাত থেকে বৃষ্টি না হওয়ায় বুধবার সকল থেকেই জেলার বিভিন্ন নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। তবে শহরের অধিকাংশ এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে, বিকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে।
পাহাড় ধস এবং সড়কে পানি থাকায় জেলা শহরের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি এবং রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে।
স্থানীয়রা বলছেন, আপাতত টানা ভারি বৃষ্টি বন্ধ হয়েছে। সকাল থেকে শহরে কোনো বৃষ্টি হয়নি। পানিও সরছে। তবে বিকালের দিকে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আকাশ ঘন কালো হয়ে আসে।
পানি কমলেও পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে। বিদ্যুৎ ছাড়া জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়েছে।
টানা ভারি বর্ষণে জেলা শহরসহ সাত উপজেলার নিম্নাঞ্চলে পানিবন্দি হয়ে পড়ে হাজারো পরিবার। বিচ্ছিন্ন হয়ে পড়ে সড়ক যোগাযোগ। এতে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের।
বুধবার সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। রাস্তায় জমে আছে কাদামাটি। কোথাও কোথাও পাহাড় ধসে রাস্তায় পড়ে রয়েছে মাটির স্তূপ।
শহরে অভ্যন্তরীণ সড়ক ছাড়া কোথায় যানচলাচল স্বাভাবিক নেই। শহরের বালাঘাটার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এবং বান্দরবান-রোয়াংছড়ি সড়কের রামজাদি এলাকায় এখনও বুকসমান পানি রয়েছে। সেখানে নৌকায় করে পারাপার করতে দেখা গেছে স্থানীয়দের।
টানা বর্ষণে রোববার রাত থেকে বান্দরবান শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে শহরবাসী।
বুধবার সকালে বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে দেখা যায়, গোটা কার্যালয়ে কাদামাটি লেগে আছে। এলোমেলো হয়ে পড়ে রয়েছে বিভিন্ন সরঞ্জাম। কর্মচারীদের কাদামাটি পরিষ্কার করে সবকিছু গুছিয়ে নিতে দেখা গেছে।
বিদ্যুৎ কার্যালয়ে কর্মরত মো. নাছির উদ্দিন সাংবাদিকদের বলেন, প্রকৌশলীরা সকাল থেকে যার যার লাইনে গেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন তদারকি করছেন। এখানে মেইন ট্রান্সফরমার পানির নিচে ছিল।
তিনি আরও বলেন, এগুলো ঠিক করার জন্য ঢাকা থেকে একটি কারিগরি দল আসার কথা। তারা এসে ঠিক না করা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চালু করার কোনো সুযোগ নেই।
এদিকে বৃষ্টির পানি নেমে যাওয়ার পর যার যার দোকান, বাড়িঘর পরিষ্কার করার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শহরবাসী। জমে থাকা কাদামাটি পরিষ্কার করে নিচ্ছেন সবাই।
হোটেল হিলটনের ম্যানেজার আক্কাস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাদাপানি সরিয়ে নেওয়া হলেও পুরোপুরি পরিষ্কার করা যাচ্ছে না। পানি দিয়ে পরিষ্কার করা ছাড়া উপায় নেই। হোটেলে পানিও নেই।
তিনি আরও বলেন, “এখন বিদ্যুৎ না আসা পর্যন্ত এভাবে থাকতে হবে। হোটেলে যে জেনারেটর ছিল সেখানেও পানি ঢোকায় তা চালু করা যাচ্ছে না।”
এদিকে তৃতীয় দিনের মত বান্দরবান বাস স্টেশন থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। যাত্রীদের অটোরিকশায় করে চট্টগ্রামের কেরানীহাটের বড়দুয়ার পর্যন্ত যেতে দেখা গেছে।
বাস স্টেশনের সিএনজি চালক মো. মামুন বলেন, “বান্দরবান থেকে ঢাকা-চট্টগ্রাম যাওয়ার পথে কেরানীহাট সড়কের এখনও কোথায় হাঁটু সমান আবার কোথায় বুকসমান পানি রয়েছে। জরুরি কাজের প্রয়োজনে বাধ্য হয়ে ভেঙে ভেঙে যাচ্ছেন যাত্রীরা।”
বাস ছাড়ার বিষয়ে শ্যামলী পরিবহনের সুপারভাইজার সৌরভ বলেন, আবার ভারি বৃষ্টি না হলে বুধবার রাত থেকে শ্যামলী বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
পূরবী বাস কাউন্টারের ম্যানেজার মহসিন বলেন, “সড়কে কোথাও কোথাও বুকসমান পানি থাকায় গাড়ি চলাচলে ঝুঁকি রয়েছে। এ কারণে সবকিছু স্বাভাবিক থাকলে বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রামের উদ্দেশে পূরবী-পুর্বাণী বাস নিয়মিত চলাচল করবে।”
বুধবার দুপুরে বন্যার সার্বিক পরিস্থিতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।
এ সময় তিনি বলেন, পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে দুর্যোগকালীন পরিস্থিতির পর এখন দুর্যোগ-পরবর্তী কাজ নিয়ে এগোতে হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বের করার চেষ্টা করা হচ্ছে। আশ্রয় নেওয়া লোকজনদের শুকনো খাবার, রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানি দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, তারপরও কোনো পরিবার যাতে অনাহারে না থাকে- খোঁজ নেওয়া হচ্ছে। তার পাশাপাশি সেনাবাহিনী ও জেলা প্রশাসন একসঙ্গে কাজ করে যাচ্ছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনকে ২০ হাজার লিটার পানি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। বিকালে সেটা এসে পৌঁছেছে।
শাহ মোজাহিদ উদ্দিন বলেন, “বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, ঢাকা থেকে একটা আউটসোর্সিং দল এসে কাজ করবে। তাদের বলেছি, যত দ্রুত সম্ভব আজকের মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু করা যায় কি-না।”
জেলার যোগাযোগ সচল করার বিষয়ে তিনি বলেন, সড়কে কিছু জায়গায় এখনও পানি রয়েছে; তারপরও ঢাকার সঙ্গে সড়কে যোগাযোগ সচল করার চেষ্টা করা হচ্ছে।
তবে সব উপজেলা পর্যায়ে সড়ক যোগাযোগ সচল করতে আরও সময়ের প্রয়োজন বলে জানান তিনি।
