আশুলিয়ায় ‘জমি দখল করতে গিয়ে’ ছোড়া গুলিতে বিদ্ধ দুই
স্থানীয়রা গুলিবর্ষণকারী ও তার স্ত্রী-ছেলেকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেন বলে জানান এক ইউপি সদস্য।
সাভারের আশুলিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির ছোড়া শটগানের গুলিতে দু’জন বিদ্ধ হয়েছেন। গণপিটুনিতে আহত হয়েছেন গুলি ছোড়া ব্যক্তি ও তার স্ত্রী-সন্তান।
সোমবার দুপুরে স্থানীয় চারাবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার এসআই আল মামুন কবির জানান।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধদের উদ্ধার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ।
গুলিবিদ্ধরা হলেন আশুলিয়ার চারাবাগ এলাকার কুদ্দুস এবং তার প্রতিবেশী হুমায়ূন।
স্থানীয়দের গণপিটুনির শিকার গুলিবর্ষণকারী মতিন পাটোয়ারি (৬২), তার স্ত্রী মরিয়ম ইসলাম (৫৭) এবং ছেলে ফারহানকে (২৭) গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য হোসেন আলী মাস্টার।
তিনি বলেন, “কুদ্দুস ও হুমায়ূন কবিরদের সঙ্গে মতিন পাটোয়ারির জমি নিয়ে বিরোধ। এ বিষয়ে গত ২৫ জানুয়ারি হুমায়ূন কবির আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। উভয় পক্ষ থানায় যাওয়া কথা থাকলেও মতিন পাটোয়ারি যাননি।
“হঠাৎ আজ সকালে জমি দখলের চেষ্টা করেন মতিন পাটোয়ারি ও তার পরিবার। কুদ্দুস ও হুমায়ূনরা এতে বাধা দিলে মতিন পাটোয়ারি গুলি ছুড়েন।”
এ সময় উত্তেজিত জনতা মতিন ও তার ছেলেকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেন বলে জানান ইউপি সদস্য হোসেন আলী।
সাভার উপজেলা পরিবার স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, “ হুমায়ূনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।”
আশুলিয়া থানার এসআই আল মামুন কবির বলেন, “জমির বিরোধ ধরে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। মতিন পাটোয়ারির লাইন্সেস করা শটগান ও পিস্তল জব্দ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মতিন পাটোয়ারির বিরুদ্ধে আশুলিয়ায় থানায় জমি দখল ও চাঁদাবাজির একাধিক মামলা আছে বলেও জানায় পুলিশ।
