তুরাগ নদে লাশ পাওয়া কিশোরের পরিচয় খুঁজছে পুলিশ
দুই মাস আগে মরদেহটি উদ্ধার হয়।
গায়ে হালকা বাদামি টিশার্ট, খাকি রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট। বয়স আনুমানিক ১৭ বছর। কিন্তু এই কিশোরের নাম কী, কোথায় তার বাড়ি, কারা তার স্বজন কিছুই জানে না পুলিশ।
প্রায় দুই মাস আগে তুরাগ নদ থেকে এই কিশোরের মরদেহ উদ্ধারের পরও তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাই মরদেহটি পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংবাদ মাধ্যমের সহায়তা কামনা করেছে পুলিশ।
আশুলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নজরুল ইসলামের আশা, ছবিটি দেখে কেউ হয়ত কিশোরটিকে চিনতে পারবেন। সেই সূত্র ধরে খোঁজ মিলতে পারে তার পরিবারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নজরুল ইসলাম বলেন, “আমাদের ঘরেও তার মত কিশোর বয়সী সন্তান আছে। অথচ এই কিশোরের মরদেহ প্রায় দুই মাস ধরে অজ্ঞাত হিসেবে পড়ে আছে। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া আমাদের মানবিক দায়িত্ব। সেই সঙ্গে আইনি সংকটও আছে। আমরা পরিচয় শনাক্ত করতে না পারলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পারছি না।”
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২১ অগাস্ট ঢাকার আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের রুস্তমপুর শাহ সিমেন্ট ঘাট এলাকায় তুরাগ নদ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২২ অগাস্ট আশুলিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে অপমৃত্যু মামলা হয়।
কিশোরটির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আশুলিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে অথবা ০১৭২৮১৩২০৪২ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ।
