নাটোরে ডালের কার্টনে হেরোইন, যুবক গ্রেপ্তার
আটক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ গোপনে দেশের বিভিন্ন অঞ্চলে মাদকের ব্যবসা করে আসছেন বলে র্যাবের ভাষ্য।
নাটোরে ডাল ও পাটালি গুড়ের কার্টনে করে হেরোইন বহনের অভিযোগে এক যুবক ধরা পড়েছেন, যাকে ‘মাদক ব্যবসায়ী’ বলছে র্যাব।
বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার মো. হান্টু মন্ডল (৩৩) রাজশাহীর চারঘাট উপজেলার তাতারপুর ফৌজদার পাড়ার প্রয়াত জেসমান মন্ডলের ছেলে।
র্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে নাটোর সদরের হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে র্যাবের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই ‘মাদক ব্যবসায়ীকে’ আটক করে।
“তার কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন, ১৪ কেজি ডাল, ১৪টি পাটালি গুড়ের টুকরো, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড এবং নগদ ৮৫০ টাকা জব্দ করা হয়।
“আটক ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রির জন্য রেখেছে বলে স্বীকার করেছে। সে পেশাদার মাদক ব্যবসায়ী; দীর্ঘদিন যাবৎ গোপনে দেশের বিভিন্ন অঞ্চলে মাদকের ব্যবসা করে আসছে।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
