চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকা ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ৩
নিখোঁজদের উদ্ধারে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবে একজন মারা গেছেন; নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানীনগর-টিকর গ্রামে নৌকাডুবির ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের সচিব জহরুল ইসলাম।
নিহত ব্যক্তির নাম এনামুল হক (৬০)। তিনি আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া গ্রামের বাসিন্দা।
এখনও নিখোঁজ রয়েছেন ছয়রশিয়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে আব্দুর রহমান (৬২), মৃত হযরত আলীর ছেলে নেজামউদ্দিন (৬২) এবং চর দেবিনগর গ্রামের সুমন আলীর ছেলে পাখি (১৪)।
জহরুল ইসলাম জানান, আলাতুলি ইউনিয়নের মধ্যচর থেকে ১০-১২ জন যাত্রী নিয়ে একটি নৌকা ছয়রশিয়া যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি আর বাতাস শুরু হলে নৌকাটি ডুবে যায়। এ সময় বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হন। সন্ধ্যার মধ্যে এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। ফায়ার সার্ভিসের কর্মীরাও যান। স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযান চালানো হয় সন্ধ্যা পর্যন্ত। কিন্তু নিখোঁজ তিনজনের সন্ধান পাওয়া যায়নি।
স্রোতের কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন।
তিনি জানান, রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আবার উদ্ধার কাজ শুরু করা হবে।
