নির্বাচনি দায়িত্ব পালনকালে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু
বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় মো. এমদাদুল হক নামে ওই এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয় বলে জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উপসহকারী প্রকৌশলী এমদাদুল হক হবিগঞ্জ শহরের উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়রা জানায়, ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে এমদাদুল অসুস্থ বোধ করছিলেন। ৯টার দিকে প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোল্লা আবিদুর রেজা বলছেন, “হার্ট অ্যাটাকে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।”
