২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রমুখী উপকূলের মানুষ

পটুয়াখালীতে ৫০ হাজার ৮২২ জন, বাগেরহাটে ৩৯ হাজার, পিরোজপুরে ১০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছে বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রমুখী উপকূলের মানুষ

বাগেরহাটের উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিচ্ছে রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 05:30 PM

Updated : 24 Oct 2022, 06:41 PM

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস থেকে বাঁচতে বিকাল থেকেই বৃষ্টি মাথায় নিয়েই দেশের দক্ষিণাঞ্চলের উপকূলজুড়ে থাকা হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে আসা শুরু করেছেন।

এরই মধ্যে সোমবার বিকাল ৪টা পর্যন্ত পটুয়াখালীতে ৩১ হাজার ৩৯০ জন, বাগেরহাটে ৩৯ হাজার, পিরোজপুরে ১০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছে বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। বরিশালে বিকাল থেকে লোকজন আশ্রয়কেন্দ্রে আসছে। 

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের নদ-নদী ফুলেফেপে উঠেছে; তাতে প্লাবিত হয়েছে চর ও নিম্নাঞ্চল। এর ফলে সোমবার দুপুর পর্যন্ত মানুষ বাড়িঘরে থাকলেও সবকিছু গুছিয়ে বিকাল থেকে আশ্রয়কেন্দ্রের দিকে যাওয়া শুরু করেছেন। 

উপকূলের দুর্গম এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে স্বেচ্ছাসেবীরা মাইকিং করছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে সরকারি লোকজন মানুষকে স্থান করে দিতে কাজ করছেন। অনেকে গবাদিপশু নিয়ে আশ্রয়কেন্দ্রের দিকে আসতে দেখা গেছে।

এরই মধ্যে উপকূলের অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে, ইন্টারনেট দুর্বল হয়ে পড়েছে। ফলে যোগাযোগের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার ভোররাত বা সকাল নাগাদ খেপুপাড়ার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে সিত্রাং। এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ থেকে ৯৫ কিলোমিটার। কিন্তু এর অগ্রভাগ সন্ধ্যার দিকে আঘাত হানতে পারে উপকূলে।

এরই মধ্যে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে।

উপকূলীয় এলাকায় ভারী বর্ষণ এবং জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে দেশের দক্ষিণাঞ্চলে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

খুলনা: খুলনায় আশ্রয়কেন্দ্রের দিকে আসছেন লোকজন।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বিকাল ৪টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর ২টা পর্যন্ত মানুষ আশ্রয়কেন্দ্রে আসেনি। বিকাল ৪টা থেকে মানুষ আসতে শুরু করেছে। জেলায় মোট ৫৪১টি আশ্রয়কেন্দ্র রয়েছে।

বরিশাল আবহাওয়া কার্যালয়ের উপ-সহকারী আবহাওয়াবিদ আব্দুল কুদ্দুস বলেন, বিকাল ৩টা পর্যন্ত জেলায় ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উপকূলজুড়ে সাত নম্বর বিপদ সংকেত জারি আছে। মধ্যরাতের দিকে ঘূর্ণিঝড়টি খেপুপাড়া-বরিশাল হয়ে চট্টগ্রাম উপকূলের দিকে অগ্রসর হবে।

এদিকে বরিশাল নৌ-বন্দরের কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, এরই মধ্যে জেলায় লঞ্চসহ সব ধরনের নৌ-যান বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি খেয়া পারাপারও বন্ধ রয়েছে। সব পথে স্পিডবোট চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।      

পটুয়াখালী: জেলার ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা সুমন দেবনাথ বিকাল সাড়ে ৪টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত আট উপজেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে মোট ৫০ হাজার ৮২২ জনকে আনা হয়েছে। আরও লোকজনকে নিরাপদে সরিয়ে আনার জন্য আমাদের স্বেচ্ছাসেবীরা মাঠে রয়েছেন।“

তিনি আরও জানান, এখানে ৪০টির মতো চরাঞ্চল রয়েছে। এরই মধ্যে সেগুলোর অধিকাংশই প্লাবিত হয়েছে। এ ছাড়া নিম্নাঞ্চলেও পানি ঢুকতে শুরু করেছে। এতে কৃষিরও ক্ষতি হবে। তবে সেটা এখনি বলা যাচ্ছে না।   

আবহাওয়া অফিসের কলাপাড়া-খেপুপাড়া কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ফিরোজ কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৩টা পর্যন্ত ২৬৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।”

আবহাওয়া অফিসের পটুয়াখালী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল রোববার থেকে জেলাজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। গতকাল বিকাল ৩টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা গত ২৪ ঘণ্টায় ২৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পিরোজপুর: জেলা প্রশাসক মো. জাহিদুর রহমান বিকালে জানান, জেলার প্রায় ২৬০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে রাখা হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত সেখানে ১০ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। আরও আসছেন। 

বাগেরহাটের সবচেয়ে ঝুঁকিতে থাকা সুন্দরবন সংলগ্ন শরণখোলা, মোংলা, রামপাল ও মোরেলগঞ্জের নদীতীরবর্তি এলাকার হাজার হাজার মানুষ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার রাত থেকে দমকা হাওয়া সেই সাথে মাঝারি ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। টানা বৃষ্টির পানিতে জেলার নিন্মাঞ্চল তলিয়ে গেছে।

বাগেরহাট: অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার রেজাউল করিম বলেন, উপকূলীয় এলাকার মানুষ যাতে আশ্রয় নিতে পারে সেজন্য ৩৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়। দমকা হাওয়ার সাথে প্রবল বর্ষণ শুরু হওয়ায় বেলা ১২টার পর থেকে শরণখোলা, মোংলা, মোরেলগঞ্জ ও রামপাল উপজেলার নদী তীরবর্তী এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে।

“বিকেল ৪টা পর্যন্ত ৩৯ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছে। তাদের জন্য শুকনা খাবার ও পানির ব্যবস্থা রাখা হয়েছে। ঝড় আঘাত হানার আগেই আমরা অন্তত দুই লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনতে চাইছি।”

তিনি আরও বলেন, ওই সব এলাকায় মাইকিং করা ছাড়াও স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি ও পুলিশ বাহিনীর স্থানীয়দের আনতে সদস্যরা মাঠে কাজ করছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয়দের সচেতন করছে সবাই। ২০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রোববার রাত থেকে জেলার সব উপজেলাতে পল্লী বিদ্যুৎ তাদের সংযোগ বন্ধ রেখেছে।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ব্যবস্থাপক পারভেজ আলম বলেন, দমকা হাওয়া ও টানা বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার চালু করা হবে।

ভোলা:  ভোলা আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক মাজবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টা পর্যন্ত ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের জেলার নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, ভোলায় মেঘনা নদীর পানি দুপুর ২টায় বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপকূলের বেড়িবাঁধের বাইরে সাত থেকে আট ফুট উচ্চতায় জোয়ারের পানি উঠেছে।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির উপ-পরিচালক আব্দুর রশিদ বলেন, বিকাল থেকে আশ্রয়কেন্দ্রে আসা শুরু করেছে মানুষ। তবে এখনও সব আশ্রয়কেন্দ্রে মানুষ আসেনি।

সাতক্ষীরা: সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল ৯টা পর্যন্ত সাতক্ষীরা জেলায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ক্রমান্বয়ে বাড়ছে। সেই সঙ্গে বাতাসের মাত্রাও বাড়ছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাতক্ষীরা উপকূলে পাঁচ থেকে আট ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।

সাতক্ষীরার শ্যামনগর থেকে পদ্মপুকুর ইউনিয়ন সিপিপির টিম লিডার জি এম মাসুম বিল্লাহ বলেন, নদীতে এখন ভাটা, জোয়ার উঠছে। সকাল থেকে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানি গতদিন থেকে আজ বেশি, এলাকার মানুষ নাজুক বেড়িবাঁধ নিয়ে আতঙ্কিত। আমরা সব ধরনের প্রস্তুতি গ্র্রহণ করেছি। সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার হোসেন জানান, সাইক্লোন শেল্টারগুলো খুলে রাখা হয়েছে। স্বেচ্ছাসেবকরা মাইকিংসহ অন্যান্য কার্যক্রম শুরু করেছে।

আরও পড়ুন:

পুরনো খবর:

সিত্রাং: সেন্টমার্টিনে উত্তাল ঢেউয়ে ১৩ ট্রলার ক্ষতিগ্রস্ত
সিত্রাং: ২৫ লাখ মানুষের জন্য প্রস্তুত ৭ হাজার আশ্রয় কেন্দ্র
ঘূর্ণিঝড় সিত্রাং: সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ
সিত্রাং: বরিশালে মুষলধারায় বৃষ্টি, দুর্ভোগে নগরবাসী
ঝড়ের আগে দক্ষিণের জেলাগুলোতে লঞ্চ বন্ধ
ঘূর্ণিঝড়: বন্ধ হচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল বিমানবন্দর
ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রাম বন্দরের সব জাহাজ সরিয়ে বহির্নোঙরে
ঘূর্ণিঝড়: কোন সংকেতে কী বোঝায়