২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রাম বন্দরের সব জাহাজ সরিয়ে বহির্নোঙরে

জাহাজ নিরাপদে সরিয়ে নেওয়া হলেও চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের কাজ স্বাভাবিকভাবেই চলছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 03:44 PM

Updated : 24 Oct 2022, 05:13 PM

ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলের দিকে এগিয়ে আসায় চট্টগ্রাম বন্দরের জেটি থেকে পণ্যবাহী সব জাহাজকে বহির্নোঙরে সরিয়ে নেওয়া হয়েছে ।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব সংকেত ব্যবস্থায় অ্যালার্ট-৩ জারি করেছে। তবে বন্দর থেকে পণ্য খালাসের কাজ এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই চলছে।

সোমবার দুপুরে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা। এর আগেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেটি থেকে জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা শেষে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেটিতে যে ১৮টি পণ্যবাহী জাহাজ ছিল সেগুলো সবই বহির্নোঙরে চলে গেছে।

“বন্দর ব্যবহারকারী, শিপিং এজেন্টসহ সব স্টেকহোল্ডারদের প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত বন্দর থেকে পণ্য খালাস অব্যাহত থাকবে। এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।”

বন্দরের বোর্ড সদস্য মো. জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেটিতে থাকা জাহাজগুলোকে ইতোমধ্যে বর্হিনোঙরে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ৬ নম্বর বিপদ সংকেত জারির পর বন্দরের নিজস্ব সর্তকর্তা অ্যালার্ট-৩ জারি করা হয়েছে। যন্ত্রপাতি সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এখনো বন্দর থেকে পণ্য খালাস স্বাভাবিক ভাবেই চলছে।”

সোমবার পর্যন্ত বন্দরের জেটিতে প্রায় ৩৫ হাজারের মত কন্টেইনার আছে বলেও জানান বন্দর সচিব ওমর ফারুক।

আবহাওয়া অফিস চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৬ নম্বর সর্তক দেখাতে বলেছে। তবে অধিদপ্তরের সংকেত অনুসারে বন্দর চার ধরনের সতর্কতা জারি করে।

এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সংকেত জারি করলে চট্টগ্রাম অ্যালার্ট-১, আবহাওয়া অধিদপ্তর ৪ নম্বর সংকেত দিলে অ্যালার্ট-২, বিপদ সংকেত ৫-৭ হলে অ্যালার্ট-৩ এবং ৮-১০ নম্বর সংকেত হলে বন্দর সর্বোচ্চ সতর্কতা অ্যালার্ট-৪ জারি করে।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং এখনও কয়েকশ কিলোমিটার দূরে থাকলেও এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে চলছে তুমুল বৃষ্টি এবং ঝড়ো হাওয়া। দেশের উপকূলীয় সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।