সিত্রাং: বরিশালে মুষলধারায় বৃষ্টি, দুর্ভোগে নগরবাসী
বরিশালে রোববার রাত ৯টা থেকে সোমবার দুপুর পর্যন্ত ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বরিশালে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। গভীর রাত থেকে মুষলধারায় বৃষ্টিপাত শুরু হয়। এতে করে নগরীর অলিগলি পানিতে ডুবে নগরবাসীকে মারাত্মক দুর্ভোগে ফেলেছে।
সিত্রাংয়ের প্রভাবে মাঝে মাঝে দমকা বাতাস বইছে। নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বন্ধ রাখা হয়েছে অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলকারী ছোট আকারের লঞ্চগুলো। এছাড়া সোমবার জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহির হচ্ছেন না।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হুমায়ুন কবির জানান, বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দরকে ৭ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়। একই সাথে ৬৫ ফুটের নীচের লঞ্চ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ রাখতে নিষেধাজ্ঞা জারী করা হয়।
আবহাওয়া অফিসের জৈষ্ঠ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালে রোববার রাত থেকে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে দমকা বাতাস বইছে। রোববার রাত ৯টা থেকে সোমবার দুপুর পর্যন্ত ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী দুই-তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছেন তিনি।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলায় এক হাজার ৫১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। যেখানে ২ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া জেলার সব স্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার করা হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে সিপিপি, রেড ক্রিসেন্টসহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে।
বিভাগীয় কমিশনার আমিন উল আহসান জানিয়েছেন, বিভাগের ছয় জেলার জেলা প্রশাসককে ঘূর্ণিঝড় মোকাবেলায় সকল আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রস্তুত রয়েছে একাধিক মেডিকেল টিম থেকে শুরু করে স্বেচ্ছাসেবীরা।
