২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় সিত্রাং: সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ

ঝড় কেটে গেলে তারপর নৌযান চলাচলের অনুমতি দেবে বিআইডব্লিউটিএ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 03:56 PM

Updated : 24 Oct 2022, 03:56 PM

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় সারাদেশে লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএর পরিচালক মো. রফিকুল ইসলাম সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপকূলীয় জেলাগুলোর নদীবন্দরে তিন নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর অন্যান্য জেলার নদীবন্দরগুলোতে দেখানো হচ্ছে দুই নম্বর সংকেত।

“সকালে চাঁদপুর রুটে কিছু লঞ্চ চলাচল করলেও দুপুর থেকে সারাদেশে লঞ্চসহ সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে।”  

ঘূর্ণিঝড় সিত্রাং এগিয়ে আসায় আবহাওয়া মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত জারি করেছে।

সেই সঙ্গে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দরসমূহকে ৩ নম্বর নৌ-বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ভারি বর্ষণের সঙ্গে চলছে দমকা বাতাস। সেই সঙ্গে স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসেরও পূর্বাভাস রয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।

পুরনো খবর:

সিত্রাং: বরিশালে মুষলধারায় বৃষ্টি, দুর্ভোগে নগরবাসী
ঝড়ের আগে দক্ষিণের জেলাগুলোতে লঞ্চ বন্ধ