রাজবাড়ীতে বিএনপির ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১৭
পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে মামলা করেন সদর থানার এসআই।
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে বিএনপির ৪১ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত পরিচয় আরও ১২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করেন বলে রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন জানান।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহামুদ খৈয়ম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে। তাদের হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হচ্ছে। মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।”
পুলিশ জানায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতা আলী নেওয়াজ মাহামুদ খৈয়ম তার বাসভবন থেকে একটি শোভাযাত্রা নিয়ে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে যাচ্ছিলেন।
এ সময় শোভাযাত্রাটি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সামনে বকুলতলায় পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।
পরে ঘটনাস্থলে পুলিশ গেলে বিএনপির নেতা-কর্মীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
পরে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে বিএনপির ১৬১ নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানার এসআই মাহাবুব আলম একটি মামলা করেছেন বলে ওসি শাহাদত জানান।
আরও পড়ুন:
