২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে হত্যা মামলায় ১৩ বছর পর ১৬ জনের যাবজ্জীবন

অপরাধ প্রমাণিত না হওয়ায় বিচারক এ মামলা থেকে একজনকে খালাস দিয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2024, 07:15 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

পটুয়াখালীর সদর উপজেলায় একটি হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল করিম ১৩ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো. হারুন অর রশিদ জানান।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের সবার নাম-পরিচয় পাওয়া যায়নি।   

অতিরিক্ত পিপি হারুন মামলার বরাতে বলেন, “২০১১ সালের ৪ এপ্রিল সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামে নিজ বাড়িতে মো. শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। পরদিন তার বাবা নুর মোহাম্মদ মৃধা বাদী হয়ে একই গ্রামের মো. সোহরাব সিকদারকে প্রধান আসামি এবং ২০ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন।

“এ মামলায় অজ্ঞাত পরিচয় আসামি আরও ১৫-২০ জন। তদন্ত শেষে পুলিশ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচার শুরু করে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ও এজাহারকারীসহ ১১ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। আসামিদের মধ্যে শহীদুল ইসলাম মৃধার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় বিচারক তাকে খালাস এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।”

এদিকে রায় ঘোষণার পরপরই আসামি পক্ষের স্বজনরা আদালতের ভেতরে চিৎকার করে রায়ের বিরোধিতা করেন বলে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান।  

এ সময় আসামি পক্ষের আইনজীবী আবুল কাশেম ও মো. মুকুল জানান, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।