১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ৫ নারীকে ফেরত দিয়েছে বিএসএফ

তারা এক বছর আগে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেন এবং সেখানে বাসাবাড়ি ও পার্লারের কাজ করে বসবাস করছিলেন।

পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ৫ নারীকে ফেরত দিয়েছে বিএসএফ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 10:45 AM

Updated : 26 Aug 2026, 01:37 PM

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতীয়  সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ।

বৃহস্পতিবার বিকালে উপজেলার বাংলাবান্ধা সীমান্তের জিরো লাইনে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম। 

বৈঠকে অংশ নেন ১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. শফিকুল ইসলাম এবং ভারতের ১৮ বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ী ক্যাম্প কমান্ডার আরভিন্দ পাঠানিয়া।

বিজিবি জানায়, বিএসএফের দেওয়া তথ্য যাচাই করে ভারতের অভ্যন্তরে আটক পাঁচ নারীর বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়। 

তারা হলেন, জেসমিন সুলতানা (৩৬), পারভীন খাতুন (৩৮), শিরিনা পারভীন (৩২), আমিনা আক্তার (৪০) ও মোছা. লাবনী আক্তার (৩০)। 

তারা এক বছর আগে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেন এবং সেখানে বাসাবাড়ি ও পার্লারের কাজ করে বসবাস করছিলেন। 

গত ১৬ মে ভারতের গুজরাট থেকে ভারতীয় সিআইডি পুলিশ তাদের আটক করে। পরদিন থেকে তারা মহারাষ্ট্র পালঘর মহিলা আশ্রয়কেন্দ্রে পুলিশের হেফাজতে ছিলেন। 

পরে ১৭ অগাস্ট তাদের শিলিগুড়ি ১৮ ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া বলেন, বিজিবি ওই পাঁচ নারীকে থানায় হস্তান্তর করেছে। তাদের পরিবারের সদস্যরা আগে থেকেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন এবং উপস্থিত ছিলেন। তাই পরবর্তীতে এই নারীদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।