টেকনাফে বাবাকে খুন করার অভিযোগ, ছেলে পলাতক
পারভেজ মাদকাসক্ত ছিলেন বলে স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় কাঁচির আঘাতে বাবাকে খুন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে; ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়ায় নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নাছির উদ্দিন মজুমদার।
নিহত বশির আহমদ (৫০) ওই এলাকার বাসিন্দা। তাকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মো. পারভেজের (২২) বিরুদ্ধে।
স্বজনদের বরাত দিয়ে পরিদর্শক নাছির উদ্দিন মজুমদার বলেন, “অধিকাংশ সময় নেশাগ্রস্ত থাকেন পারভেজ। এ নিয়ে এলাকার লোকজন তার বাবার কাছে অভিযোগও দেন। সকালে এ সব বিষয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে কাঁচি দিয়ে বাবার মাথায় আঘাত করেন পারভেজ।”
তিনি আরও বলেন, এতে বশির আহত হয়ে মাটিতে পড়ে যান। এ সময় পারভেজ বাড়ি থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান; পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পারভেজকে আটক করার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
