কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রকৌশলী নিহত
মুখোমুখি সংঘর্ষে বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক প্রকৌশলী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মহাসড়কের উখিয়া উপজেলার হিজলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত জহুরুল হক কুষ্টিয়া জেলার সদর উপজেলার নিহিংশ এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি উখিয়া উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।
ওসি মোহাম্মদ আলী জানান, দুপুরে মহাসড়কের হিজলিয়া এলাকায় কক্সবাজারমুখী সমুদ্রতরী বাস ও উখিয়ামুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
এ দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীরা আহত হন। আহতদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রকৌশলী জহিরুল হককে মৃত ঘোষণা করেন।
অন্য আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
