১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে সেফটি ট্যাংকে মিলল কলেজ শিক্ষার্থীর লাশ

“নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন এবং গলায় প্লাস্টিকের রশি পেঁচানো ছিল।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2025, 06:03 PM

Updated : 26 Aug 2026, 12:31 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সেফটি ট্যাংক থেকে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে কালিহাতী পৌরসভার সাতুটিয়া দক্ষিণ পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয় বলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম জানান। 

নিহত ১৮ বছর বয়সি আব্দুল আলীম ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলামের ছেলে। আব্দুল আলীম কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল বলেন, “আব্দুল আলীম শনিবার সকালে কালিহাতীতে কোচিং করার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি।

“আজকে ওই এলাকার জামাল বাদশার বসত ঘরের পেছনে টয়লেটের সেফটি ট্যাংকির ভেতরে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।”

তিনি বলেন, “পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে। নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন এবং গলায় প্লাস্টিকের রশি পেঁচানো ছিল। লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।