নাটোরে ইভিএমে বিড়ম্বনা, সন্ধ্যার পরও ভোটের লাইন
অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট না দিতে পেরে কেউ কেউ ফিরে গেছেন।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি পৌরসভা ও দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমে ভোট দিতে বিড়ম্বনায় পড়েছেন অনেক ভোটার।
উপজেলার মাঝগাঁও ইউপির আগ্রান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যার পরও ভোটারদের লাইন দেখা যায়।
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত প্রকাশ করে অনেক ভোটার ফিরে গেছেন।
নটাবাড়ীয়া, মহিষভাঙ্গা, ভবানীপুর, কালিকাপুর, সেন্ট যোসেফসসহ পৌরসভা ও ইউনিয়নের একাধিক কেন্দ্র ঘুরে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে।
মেশিনে সমস্যায় আঙুলের ছাপ না মেলার অভিযোগ ভোটাদের।
মাঝগাঁও এলাকার আলমগীর নামের এক ভোটার বলেন, “ফিঙ্গার ম্যাচিং না হওয়ায় একটি ভোট দিতে ৪ থেকে ৫ মিনিট সময় লাগছে। ৩ ঘণ্টা দাঁড়িয়ে থেকে বিরক্তি এলেও ভোট দিতে পেরে এখন ভালো লাগছে।“
মহিষভাঙ্গা কেন্দ্রে নাম প্রকাশে অন্চিছুক একজন বলেন, “ভোট দিবো না, তাই চলে যাচ্ছি। এক জায়গায় দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। আর কতক্ষণ?“
নটাবাড়িয়া কেন্দ্রে আফজাল নামের এক ভোটারের আঙুলের ছাপ না মেলায় বাড়ি ফিরে গেছেন।
বেলা সাড়ে তিনটার দিকে লাইনে দাঁড়ানো আরেকজন বলেন, “এখনও মেশিনে নাকি সমস্যা হচ্ছেই। তাই লাইনও আগাচ্ছে না। ভোট শেষ হতে মনে হয় রাত হয়ে যাবে।“
নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ারুল হক বলেন, “ফিঙ্গার ম্যাচিং না হওয়ায় ভোটাররা এখনও অনেক কেন্দ্রে ভোট দিচ্ছেন। যারা কৃষিকাজ করেন, তাদের হাতের রেখা ম্যাচ করতে সময় লাগছে। অনেক মহিলার ক্ষেত্রেও একই সমস্যা হচ্ছে। এ ছাড়া অনেকে না বুঝে জোরে চাপ দেন; এতে মেশিনে কানেকশন হারিয়ে যাচ্ছে। এসব কারণে ভোটারদের ভোট দিতে একটু দেরি হচ্ছে।”
যারা বিকাল ৪টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করেছেন, রাত হলেও তাদের ভোট নেওয়া হবে বলে জানান এই নির্বাচন কর্মকর্তা।
ইভিএমে বিড়ম্বনার অভিযোগ থাকলেও কোনো সংঘাত, সহিংসতা, মারামারি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোরতায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। বিভিন্ন কেন্দ্রের একাধিক ভোটারের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ ভোটের কথা জানা গেছে।
বড়াইগ্রাম পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী কে এম জাকির হোসেন।
তিনি বলেন, “সুন্দর শান্তিপূর্ণভাবে ভোটারেরা ভোট দিয়েছেন। কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া যায়নি। তবে অনেক ভোটারের আঙুলের ছাপ না মেলায় ভোট নিতে একটু দেরি হচ্ছে।“
