২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাস-প্রাইভেটকার সংঘর্ষ: শিশু হাসপাতালের উপপরিচালকসহ আহত ২

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

বাস-প্রাইভেটকার সংঘর্ষ: শিশু হাসপাতালের উপপরিচালকসহ আহত ২
প্রতীকী ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2024, 08:48 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

বরিশালে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঢাকা শিশু হাসপাতালের উপ-পরিচালকসহ দুইজন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার সকালে বাবুগঞ্জ উপজেলার সাত মাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার জানিয়েছেন।

আহতরা হলেন-চিকিৎসক খালিদ মাহমুদ খালিদ (৫০) ও তার প্রাইভেটকার চালক মাগুড়ার গোড়ানাদ এলাকার বাসিন্দা হানিফ মল্লিকের ছেলে কামাল মল্লিক (৩৫)।

তাদের ঢাকায় পাঠানো হয়েছে বলে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান শাহীন জানিয়েছেন।

তিনি বলেন, “খালিদ মাহমুদের পা ভেঙে গিয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত। বিকালে চিকিৎসক ও তার চালককে ঢাকা পাঠানো হয়েছে।”

ওসি জাকির সিকদার বলেন, “বরিশাল থেকে ঢাকাগামী ইমন পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে বরিশালগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারে থাকা চালক ও চিকিৎসক আহত হয়। পরে তাদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।