১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে কারারক্ষীদের হাতে জেলার অবরুদ্ধ

দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাকে প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 09:27 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

ওএসডি হয়ে বদলির পর শেষ কর্মদিবসে একাধিক অনিয়মের অভিযোগে কারারক্ষীদের হাতে অবরুদ্ধ হয়েছেন খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার। 

বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাকে প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় বলে জানিয়েছেন কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. শাহীন আলম। 

খাগড়াছড়ির জেলার আক্তার হোসেন শেখের বিরুদ্ধে নানা অনিয়ম নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তদন্তের পর তাকে ওএসডি করে বদলি আদেশ হয়। বৃহস্পতিবার তিনি খাগড়াছড়ি ত্যাগ করার কথা।

এর মধ্যেই একাধিক অনিয়মের অভিযোগে দুপুর দেড়টার দিকে অফিস কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখে কারারক্ষীরা।

কারারক্ষী নাছির উদ্দীন ও আব্দুস সালাম অভিযোগ করে বলেন, জেলার আক্তার হোসেন শেখ সাধারণ কারারক্ষী এবং বন্দী আসামিদের নানাভাবে মানসিক অত্যাচার করতেন। যেকোনো কাজের জন্য তাকে উৎকোচ দিতে হত। এসব কারণে আসামিরা একবার জেলারকে আক্রমণের চেষ্টাও করেন। পরে কারারক্ষীরা দ্রুত তাকে নিরাপত্তা প্রদান করে।

তারা আরও বলেন, ওএসডি হওয়ায় বৃহস্পতিবার জেলারের খাগড়াছড়ি ত্যাগ করার কথা। কিন্তু হঠাৎ করে কোনও কারণ ছাড়াই তিনি কয়েকজন কারারক্ষীকে রাজশাহী বদলি করে দেন।

এতে বিক্ষুদ্ধ হয়ে কারারক্ষীরা তাকে  অবরুদ্ধ করেন।

খবর পেয়ে খাগড়াছড়ি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার মো. শাহীন আলম এসে কারারক্ষীদের সঙ্গে কথা বলেন। 

পরে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ কারারক্ষীদের নিয়ে বসে অভিযোগ শুনে জেলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ভারপ্রাপ্ত জেল সুপার শাহীন আলম বলেন, “কারারক্ষীদের কাছ থেকে বিষয়টি শুনে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। 

“আসলে বিষয়টি কোনো সমস্যা না, নিজেদের মধ্যে ভুলবোঝাবুঝি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উনার বদলি হয়েছে সুতরাং উনি স্বাভাবিকভাবে এখান থেকে যেতে পারবেন।”