২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দিল্লিতে ভবন ধসে ৪ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে ‘আটকা কয়েকজন’

শনিবার ভোররাত ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

দিল্লিতে ভবন ধসে ৪ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে ‘আটকা কয়েকজন’
ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা থাকতে পারেন, এমন ধারণা থেকে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2025, 09:28 AM

Updated : 26 Aug 2026, 12:32 PM

ভারতের দিল্লিতে চারতলা একটি ভবন ধসে হতাহতের ঘটনা ঘটেছে। 

শনিবার ভোরের দিকে দিল্লির মুস্তাফাবাদের ওই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে, খবর এনডিটিভির। 

এছাড়া ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। 

স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচে আরো কয়েকজন আটকা থাকতে পারে বলে তারা ধারণা করছেন। 

দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তা সন্দ্বীপ লাম্বা বলেছেন, স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে ভবন ধসের খবর পেয়ে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। 

“১৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং চার জন মারা গেছে। ৮ থেকে ১০ জন এখনো আটকা থাকতে পারে,” বার্তা সংস্থা এএনআইকে বলেন উত্তর-পূর্ব জেলার এডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ লাম্বা।

আহতদেরকে জিটিপি হাসপাতালে নেওয়া হয়েছে। 

ভবন ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা সন্দ্বীপ লাম্বা।

দিল্লির কিছু অংশে শুক্রবার দমকা ও ঝড়ো বাতাসের সঙ্গে ভারি বৃষ্টির পর ভবন ধসের এই ঘটনা ঘটে। 

এর আগে গত সপ্তাহে প্রবল ধুলিঝড়ের মধ্যে মধু বিহারে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজনের মৃত্যু ও দুইজন আহত হয়।