১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাজা শেষে দেশে ফিরল ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি

ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তারা দেশে ফিরেছেন।

সাজা শেষে দেশে ফিরল ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি
ভারতে পাচার হওয়ার পর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2024, 01:36 AM

Updated : 10 Sep 2026, 12:11 PM

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা শেষে দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া পাঁচ বাংলাদেশি।

শনিবার বিকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আজহারুল ইসলাম।

ফেরত আসারা হলেন, খুলনার কবির শেখ (২৩), জোছনা বিবি (৩৫), যশোরের রাকিবুল ইসলাম (২৪), আরিফুল ইসলাম (২৮) ও রাজশাহীর আমিনুল ইসলাম (২৩)।

ওসি আজহারুল বলেন, ভালো কাজের আশা দেখানো দালালের খপ্পরে পড়ে এরা বিভিন্ন সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। 

সেখানে কাজের সন্ধানে ঘোরাঘুরি করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করে সে দেশের পুলিশ। পরে সাজা দিয়ে আদালত তাদেরকে কারাগারে পাঠায়। 

সেই সাজা কাটানোর পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে শনিবার বিকালে তারা দেশে ফিরেছেন।

ওসি আরও বলেন, তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে। 

মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ঊর্ধ্বতন প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরবর্তীতে তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌছে দেওয়া হবে।