২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: রাজশাহীর ১৯ রোগীর ৩ জন ‘স্থানীয়ভাবে’ আক্রান্ত, বাড়ার আশঙ্কা

গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু: রাজশাহীর ১৯ রোগীর ৩ জন ‘স্থানীয়ভাবে’ আক্রান্ত, বাড়ার আশঙ্কা

ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজশাহীতে কার্যক্রম জোরদার করেছে সিটি করপোরেশন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 08:57 PM

Updated : 14 Jul 2023, 08:57 PM

এতদিন রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর ‘অনেকের ঢাকায় ভ্রমণের’ ইতিহাস থাকলেও এবার ‘স্থানীয়ভাবে আক্রান্ত’ হতে শুরু করেছে বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার সকাল পর্যন্ত স্বাস্থ্য বিভাগের সর্বশেষ ২৪ ঘণ্টার ডেঙ্গু প্রতিবেদনে বলা হয়, রাজশাহী নগরীতে এই সময়ে নতুন ছয়জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের সবাই রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন; নতুন রোগীদের নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬ জন রোগী ভর্তি হলেন। এদের মধ্যে ৪৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আর মৃত্যু হয়েছে একজনের।

বাকি ১৯ জন ভর্তি রোগী এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের তিনজন ‘স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন’ বলে জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে বলা হয়েছিল, গত ১৫ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৯ জন ডেঙ্গু রোগীই ঢাকা ভ্রমণকারী।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ এফ এম আঞ্জুমান আরা বেগম বলেন, এতদিন যারা ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের অনেকেরই ভ্রমণের ইতিহাস ছিল। তবে সম্প্রতি স্থানীয়ভাবে’ আক্রান্ত হওয়ারাও ভর্তি হচ্ছেন বলে জানতে পেরেছেন তারা।

তিনি বলেন, এ উপলক্ষে তারা এরই মধ্যে অনেক পদক্ষেপ নিয়েছেন। নিয়মিত নালা পরিষ্কার করা হচ্ছে। অনেক সভা হয়েছে।

সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু পরীক্ষা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “ডেঙ্গু সচেতনতায় শহরে মাইকিং চলছে। কেউ যাতে পানি জমিয়ে না রাখেন, সে ব্যাপারে সতর্ক করা হচ্ছে।”

স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, “কোনোভাবেই যাতে ডেঙ্গু ছড়িয়ে না পড়ে, সেজন্য শনিবার থেকে নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারও বাসাবাড়ি বা স্থাপনায় জমানো পানি পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে ডেঙ্গু নিয়ে রাজশাহী মহানগরীতে পরিচালিত এক সমীক্ষা প্রকাশ করে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার প্রকাশিত সমীক্ষার তথ্য অনুযায়ী, শহরের ‘৩৭ শতাংশ’ বাড়ি ডেঙ্গু রোগের বাহক এইডিস মশার প্রজননক্ষেত্র।

রাজশাহীর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত ওই সমীক্ষায় সংগৃহীত নগরীর ৭৫টি বাড়ির নমুনার মধ্যে ২৮টিতেই এইডিসের লার্ভা মিলেছে।

সমীক্ষায় বলা হয়, গত ৬ জুন থেকে রাজশাহী মহানগরীতে এইডিস মশার প্রজননক্ষেত্র শনাক্ত করতে কয়েকটি টিম মাঠপর্যায়ে কাজ শুরু করে। নগরীর ৫টি ওয়ার্ড থেকে ১৫টি করে মোট ৭৫টি বাড়ির নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনা গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, ৭৫টির মধ্যে ২৮টি বাড়িতেই এইডিস মশার লার্ভা রয়েছে।

পরে সোমবারই রাজশাহী সিটি করপোরেশনকে চিঠি দিয়ে পদক্ষেপ নিতে বলে স্বাস্থ্য বিভাগ।

এর প্রতিক্রিয়ায় ডেঙ্গু পরীক্ষাকেন্দ্র স্থাপনসহ শনিবার থেকে মাইকিং করে সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার সিদ্ধন্ত নিল সিটি করপোরেশন। 

আরও পড়ুন

পুরনো খবর:

রাজশাহীর ‘৩৭%’ বাড়িতে মিলেছে এইডিসের লার্ভা: সমীক্ষা