পাবনায় ট্রাকসহ ডাকাতির মালামাল জব্দ, গ্রেপ্তার ১০
এর আগে ৯ নভেম্বর বেড়া উপজেলায় অস্ত্রের মুখে এক ব্যবসায়ীকে জিম্মি করে দোকান লুটের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
পাবনার বেড়া উপজেলায় এক মুদি দোকান থেকে লুট হওয়া মালামালসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদেরকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।
গ্রেপ্তাররা পাবনা, সিরাজগঞ্জ, নোয়াখালী, পটুয়াখালী, ঝালকাঠি জেলার বাসিন্দা। তবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
ডাকাতির ঘটনায় হওয়া মামলার বরাতে মাসুদ আলম বলেন, ৯ নভেম্বর রাতে বেড়া উপজেলার খাস আমিনপুর এলাকায় অস্ত্রের মুখে ফরমান সরদারকে জিম্মি করে তার মুদি দোকান লুট করে একদল ডাকাত।
ঘটনার পরদিন আমিনপুর থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পাবনা, সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
পরে অভিযান চালিয়ে ডাকাতদলের প্রধান ও পরিকল্পনাকারী সেলিম হোসেনসহ এ চক্রের ১০ জনকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ডাকাতদলের সদস্যরা ট্রাক নিয়ে বিভিন্ন জেলায় রাস্তার পাশের বাজার ও দোকানপাটে ডাকাতি করতো। লুট করা মালামাল কেনার জন্য তাদের নির্ধারিত মহাজন রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি, দস্যুতা, চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
