২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ বিচরণের পরিবেশ আগের মত নেই: ইলিশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দীপু মনি

জাতীয় এ সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

ইলিশ বিচরণের পরিবেশ আগের মত নেই: ইলিশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দীপু মনি

১৫তম জাতীয় ইলিশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন শিক্ষামন্ত্রী দীপু মনি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 09:45 AM

Updated : 21 Dec 2023, 09:45 AM

চাঁদপুরের পদ্মা-মেঘনায় বিচরণের পরিবেশ আগের মত না থাকায় ইলিশ কিছুটা কম পাওয়া যাচ্ছে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এ ছাড়াও নদীতে নাব্যতা কমে যাওয়া, চর জেগে ওঠা এবং পানিতে দূষণ বেড়ে যাওয়ার মত কারণে ইলিশ কম পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি। যদিও সামগ্রিকভাবে ইলিশের উৎপাদন অনেক বেড়েছে বলে দাবি এ মন্ত্রীর।

শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ১৫তম জাতীয় ইলিশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জাতীয় এ সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, “তবে সামগ্রিকভাবে ইলিশের উৎপাদন অনেক বেড়েছে। উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে মৎস্য গবেষকরাও নানাভাবে কাজ করে যাচ্ছেন। যে কারণে আমরা সফলতাও পাচ্ছি। বিশেষ করে, জাটকা রক্ষার সময় মার্চ-এপ্রিল দুই মাস এবং মা ইলিশ প্রজননের সময় ২২ দিন চাঁদপুরের প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ, মৎস্য বিভাগ খুবই গুরুত্ব দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করেন। এক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সবাই জেলেদের সচেতন করার জন্য কাজ করা প্রয়োজন। কারণ, ইলিশ জাতীয় সম্পদ, এটি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”

দীপু মনি বলেন, “অনেক বছর ধরে চাঁদপুরে ইলিশ উৎসব হয়ে আসছে। এটি শুধুমাত্র ইলিশ উৎসবই নয় বরং এখানে সাংস্কৃতিক চর্চাও হচ্ছে। ইলিশ রক্ষায় নানাভাবে নানা সংগঠন এগিয়ে আসছে।”

সপ্তাহব্যাপী এই ইলিশ উৎসবের সফলতা কামনা করেন মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত সবাকেই ধন্যাবাদ জানান ডা. দীপু মনি।

উৎসবের প্রথম দিনে রাওয়া ক্লাবের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আলাউদ্দিন ওয়াদুদ বীর প্রতীক এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদকে সংবর্ধনা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলিশ উৎসবের চেয়ারম্যান বিণয় ভূষণ মজুমদার।

চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা অনুপম বিশ্বাস, উৎসবের আহ্বায়ক কাজী শামাদাত ও মৎস্যজীবীদের নেতা মানিক দেওয়ান।

এছাড়া উৎসবের প্রথম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার অংশগ্রহনে ‘ইলিশ নিয়ে ভাবনা’ বিষয়ে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মুহাম্মদ মাসুদ আলম।

সংগঠনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহরিয়া পলাশ, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. ইব্রাহীম খান।

শুক্রবার শুরু হওয়া এই ইলিশ উৎসব চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]