প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন না হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধের হুমকি
রেলপথ নিয়ে বিভিন্ন দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম মানববন্ধন করেছে।
ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া ট্রেন চালু, আন্তঃনগর বিজয় ও কালনী এক্সেপ্রেসের যাত্রাবিরতি এবং ট্রেনে আসন বাড়ানোর দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের আয়োজনে শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন না হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করা হবে।
আয়োজকরা জানান, রেলপথের বিভিন্ন দাবি নিয়ে গত ১১ ফেব্রুয়ারি জেলা নাগরিক ফোরামের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার এক প্রজ্ঞাপনে জানানো হয় যে, এসব দাবির প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন।
এজন্য ১১ এপ্রিল জেলা নাগরিক ফোরাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠি দেয়।
তারপর থেকে ব্রাহ্মণবাড়িয়াবাসী এই দাবির বাস্তবায়ন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করলেও তা হচ্ছে না বলে আক্ষেপ করেন বক্তারা। এজন্য তারা ‘পরিবহন সিন্ডিকেটকে’ দায়ী করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে এবং প্রভাষক পংকজ দেবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, কবি ও গীতিকার দেওয়ান মারুফ, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আবু হোরাইযরা, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী, জেলা নাগরিক ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি আতাউর রহমান শাহিন, চিকিৎসক ইলিয়াস আহমেদ মিঠু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ নাগ, জেলা আয়কর সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, জেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, যুবলীগ নেতা ইমরান হোসেন মাসুদ, সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ, আবরণীর নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ, সাংবাদিক আজিজুর রহমান পায়েল।
আরও বক্তব্য রাখেন ভোরের সাথীর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ভূঁইয়া, সাবেক কমিশনার শাহ আলম খন্দকার, সাবেক কমিশনার সুভাষ চন্দ্র দাস, নদী নিরাপত্তা বিষয়ক সামাজিক সংগঠন ‘তরী’র আহ্বায়ক শামীম আহমেদ, সদস্যসচিব খালেদা মুন্নি, অংকুর শিশু-কিশোর সংগঠনের সভাপতি আনিসুল হক রিপন, সহসভাপতি সোহেল খান, সদর উপজেলা নাগরিক ফোরামের সভাপতি কবির আহমেদ রানা, মনিরুল ইসলাম শ্রাবণ।
