২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ৬ ফটকে তালা দিয়ে অবরোধের চেষ্টা ছাত্রদলের

প্রত্যক্ষদর্শীরা জানান, আমবাগান এলাকা সংলগ্ন ফটকটি প্রায় এক ঘণ্টা তালাবদ্ধ ছিল।

জাবির ৬ ফটকে তালা দিয়ে অবরোধের চেষ্টা ছাত্রদলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ফটকে ঝুলানো তালা কিছুক্ষণ পরই ভেঙ্গে ফেলেন নিরাপত্তারক্ষীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 01:49 PM

Updated : 01 Nov 2023, 01:49 PM

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয়টি ফটকে তালা ঝুলিয়ে দিয়ে প্রবেশ বন্ধের চেষ্টা করেছে ছাত্রদল।

বুধবার সকালে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ, জয়বাংলা ফটক, বিশমাইল ফটক, মীর মশাররফ হোসেন হল ফটকে তালা দেয় শাখা ছাত্রদল নেতা-কর্মীরা।

তবে অল্প কিছুক্ষণের মধ্যেই তালাগুলো ভেঙে যাতায়াতের সুযোগ করে দেন ফটক সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষীরা।

প্রায় একই সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অন্য ফটকের মধ্যে আমবাগান ও ইসলামনগর এলাকা সংলগ্ন ফটকে তালা ঝুলিয়ে অবরোধ কর্মসূচি পালন করে ছাত্রদল কর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ইসলামনগর এলাকা সংলগ্ন ফটকটি খুলে দেওয়া হলেও আমবাগান এলাকা সংলগ্ন ফটকটি প্রায় এক ঘণ্টা তালাবদ্ধ ছিল।

পরে এ ব্যাপারে সহকারী প্রক্টর মওদুদ আহমেদ বলেন, “আমি ব্যক্তিগত কাজেই সকালে বের হয়েছিলাম। মীর মশাররফ হোসেন হলের ফটক দিয়ে বের হওয়ার সময় দেখি ফটক তালাবদ্ধ। পরে প্রধান ফটকে এসে দেখি সেখানেও তালা দেওয়া হয়েছে ও ছাত্রদলের ব্যানার ঝুলছে।

“তবে কারা তালা লাগিয়েছে আমাদের চোখে পড়েনি। আমি দ্রুত তালা ভেঙে ফেলতে বলেছি। কারণ এরপরই বিশ্ববিদ্যালয়ের বাসগুলো প্রবেশ করবে, শিক্ষার্থীরা ক্লাসে আসবে।

“বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখার জন্যই নিরাপত্তা অফিসকে দ্রুত সবগুলো তালা ভেঙে ফেলতে বলেছি।”

তালা দেওয়ার কথা স্বীকার করে ছাত্রদল কর্মী নাইমুল হাসান কৌশিক বলেন, “সরকার যত বেশি বাধা ও হামলা-মামলা দেবে- সরকারের ও তাদের সাঙ্গপাঙ্গদের পতন তত ভয়ংকর হবে। আমরা সরকারের পতন না হওয়া পর্যন্ত এই রাজপথেই মোকাবেলা করব।”

ছাত্রদলের আরেক কর্মী জুবায়ের আল মাহমুদ বলেন, “সরকারের পতনের দাবিতে আমরা আন্দোলন করছি। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে। তাই তিন দিনের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আমরা জাবির প্রবেশ দুয়ারে তালা লাগিয়েছি।”

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেসব ফটকে তালা দেওয়া হয়েছিল তার সবকটি ফটকের তালা ভেঙে এখন যোগাযোগ ব্যবস্থা সচল করা হয়েছে। যে বা যারা এই কাজ করেছে তাদের সঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলাও হয়নি। আমাদের নিরাপত্তারক্ষীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে।”