২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রাকচাপায় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু: সড়কে সহপাঠিদের বিক্ষোভ

এ ঘটনায় দায়ের করা মামলার আসামি ট্রাক চালক রিয়াজকে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2023, 10:24 PM

Updated : 28 Nov 2023, 10:24 PM

বরিশাল নগরে ট্রাকচাপায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী তৌফিক আহম্মেদ ওরফে শুভর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সহপাঠিরা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে নগরীর আমতলা মোড় এলাকায় অবস্থান নিয়ে শুভ সহপাঠিরা বিক্ষোভ শুরু করলে আশেপাশের তিন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ফায়জুল বাশারের আশ্বাসে শিক্ষার্থীরা বেলা আড়াইটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়।

এর আগে সোমবার রাত পৌনে ৯টার দিকে বরিশাল নগরীর সিএন্ডবি রোড বৈদ্যপাড়ার প্রবেশমুখে ট্রাকচাপায় ২৩ বছর বয়সী শুভ নিহত হয়। আহত হয় মো. মিজানুর রহমান নামের ৪০ বছর বয়সী এক অটোরিকশা চলক।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪৮তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোমা এলাকার মো. মতিউর রহমানের ছেলে।

মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী সৌমিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সহপাঠি শুভর খুনির শাস্তির দাবিতে শিক্ষার্থীরা নগরীর আমতলা মোড় এলাকায় অবস্থান নেয়। সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত আমাদের সাথে কথা বলেছেন। আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে তিনি বুধবার দুপুরে নগরভবনে আমন্ত্রণ জানিয়েছেন। তার আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়েছে।”

এদিকে শিক্ষার্থীদের সোয়া এক ঘণ্টার অবরোধের কারণে নগরীর বান্দ রোড, বরিশাল-ঢাকা ও বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বরিশাল কোতয়ালি মডেল থানার এসআই আরাফাত হোসেন বলেন, অটোরিকশায় করে শুভ নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা পানির ট্যাংকবোঝাই ট্রাকটি রং সাইডে গিয়ে মুখোমুখি অটোরিকশাটিকে চাপা দেয়।

“এতে অটোরিকশা থেকে ছিটকে পড়া শুভর মাথা চাকা নিচে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়।”

আহত অটোরিকশার চালক মিজানুর রহমানকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এসআই আরও বলেন, ঘটনার পর ট্রাকসহ চালক রিয়াজকে আটক করা হয়েছে। তাকে আসামি করে মামলা করেছেন নিহত শুভর খালু মো. আলাউদ্দিন। বেপরোয়া গতিতে যান চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগে করা এ মামলায় রিয়াজকে আদালতে পাঠানো হয়েছে।

কোতোয়ালি মডেল থানার জিআরও এসআই এনামুল হক বলেন, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী আসামি রিয়াজকে জেলে পাঠিয়েছেন। তিনি মাগুরা সদর থানার সিংহডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।