মোটরসাইকেল নিয়ে বেরিয়ে ট্রাকচাপায় লাশ হলো ২ স্কুলছাত্র
দুজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই; আহত ছাত্রকে হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল নিয়ে বেড়াতে বেরিয়ে ট্রাকের চাপায় প্রাণ গেছে দুই স্কুলছাত্রের। আহত হয়েছে আরও একজন।
উপজেলার বানিয়াপাড়ায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে সোমবার রাত সাড়ে ৮দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানান।
নিহতরা হলেন-ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান (১৫) ও উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৬)। তারা ঘাটাইল সরকারি গণ-উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো।
আহত ১৫ বছর বয়সী সিয়ামও একই স্কুলের ছাত্র। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিন বন্ধু মোটর সাইকোলে বেড়ানো শেষে ঘাটাইল ফিরছিলো। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
