২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, একজন ছুরিকাহত

শরীরে আঘাতের চিহ্ন নেই; তবে মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে চিকিৎসকের ভাষ্য।

মুন্সীগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, একজন ছুরিকাহত

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2023, 11:50 PM

Updated : 02 May 2023, 11:50 PM

মুন্সীগঞ্জের সদর উপজেলায় ‘বিদ্যুতের তার টানতে নিষেধ করায়’ এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে; এ সময় নিহত ব্যক্তির জামাতা আহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে বজ্রযোগিনী ইউনিয়নের কল্যাণশিং গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো. তারিকুজ্জামান।

নিহত মো. ফজলুর রহমান বেপারী (৭০) ওই এলাকার বাসিন্দা।

আহত শ্যামল শেখ (৩৮) ফজলুর রহমানের জামাতা। তিনি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।।

স্থানীয় ও স্বজনদের বরাত দিয়ে ওসি তারিকুজ্জামান বলেন, সম্প্রতি কল্যাণশিং গ্রামের রাসেল বেপারীর বাড়ির বিদ্যুতের তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার দুপুরে জোরপূর্বক ফজলুর বাড়ির ওপর দিয়ে ওই বৈদ্যুতিক লাইনের তার টানতে যান রাসেল ও তার লোকজন। এ সময় ফজলুর তার টানতে বাধা দিলে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে রাসেল ও তার ভাগ্নে লিমন মিলে ফজলুরকে এলোপাথাড়ি মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে ফজলুর জামাতা শ্যামল ছুটে গেলে তাকেও মেরে আহত করা হয়।

“এরপর স্থানীয়রা ফজলুর ও শ্যামল শেখকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন।”

ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এখনও মামলা হয়নি। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী শাহিদা বেগম বলেন, ‘‘আমার স্বামীকে পিটিয়ে হত্যা করছে। আমি এর বিচার চাই। বিদ্যুতের লাইনের লিগা আমার বাড়িতে রাসেল ও লিমন আইসা পিটাইয়া মারছে।’’

আহত শ্যামল শেখ বলেন, “শ্বশুরকে পেটাতে দেখে আমি তাকে বাঁচাতে যাই। আমাকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করেছে।”

ঘটনার পর থেকে রাসেল ও মিলন পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক বলেন, “মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন তার জামাই ও মেয়ে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।”

আহত শ্যামলকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।