২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদে মানুষের আনন্দ নেই: ফখরুল

“এই সরকার ব্যর্থ হয়েছে অর্থনীতি, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে। অন্যতম প্রধান কারণ হচ্ছে স্বচ্ছতার অভাব।”

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদে মানুষের আনন্দ নেই: ফখরুল

ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2023, 01:35 PM

Updated : 29 Jun 2023, 01:35 PM

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “কোরবানির মূল উদ্দেশ্য হল ত্যাগ; অর্থাৎ মানুষের জন্য ত্যাগ স্বীকার করার পাশাপাশি মানুষের হক আদায় করা। ”

বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ আদায় ও নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনার অভাব, দুর্নীতি ও সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে কয়েক মাস ধরে মানুষ অতিষ্ঠ  হয়ে গেছে। এই সরকার ব্যর্থ হয়েছে অর্থনীতি, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে। অন্যতম প্রধান কারণ হচ্ছে স্বচ্ছতার অভাব।

“যেসব জিনিসের দাম আগে অনেক কম ছিল সেগুলোর দামও এখন আকাশচুম্বী। যেমন, আদার দাম একলাফে ২০০ টাকা থেকে বেড়ে ৬০০ টাকা হয়ে গেছে। এ ছাড়াও মরিচসহ অন্যান্য নিত্যপণ্যের দামও অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।”

তিনি বলেন, “নিম্ন ও মধ্য আয়ের মানুষ অসহায় হয়ে পড়েছে। এই ঈদে আমরা অনেকেই উৎসব করতে পারছি না; আমাদের মত সাধারণ মানুষরাও পারছে না। তাই তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।”

ফখরুল বলেন, “আমরা এই দ্রব্যমূল্য কমানোর জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি; এই আন্দোলনে আমাদের ১৭ জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন।”

তিনি বলেন, “আমরা পবিত্র ঈদুল আজহার দিনে দেশের মানুষের প্রতি অনুরোধ জানাচ্ছি আন্দোলন সংগ্রাম অংশগ্রহণ করে এই সরকারকে বাধ্য করতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার।”

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।