চাঁদপুরে ছেলেকে হত্যায় মাসহ ২ জনের ফাঁসি, যাবজ্জীবন ২
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিতি ছিলেন।
চাঁদপুরের হাইমচর উপজেলায় ছেলেকে হত্যার দায়ে মাসহ দুই জনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াসমিন আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) বদিউজ্জামান কিরন জানান।
হত্যাকাণ্ডের শিকার মো. আরিফ হোসেন (২৫) উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের মাছুম খান বাড়ির মিজানুর রহমান খানের ছেলে।
মৃত্যুদণ্ড পাওয়ারা হলেন- নিহতের মা খুকি বেগম (৪৩) ও ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামের গাজী বাড়ির গণি গাজীর ছেলে মো. জয়নাল গাজী (২৪)।
যাবজ্জীবন পাওয়ারা হলেন- ফরিদগঞ্জ উপজেলার উত্তর বিষকাটালি গ্রামের মোল্লা বাড়ির হোসেন মোল্লার ছেলে ইউছুফ মোল্লা (২৭) ও একই গ্রামের বিল্লাল মোল্লার ছেলে মাহবুব মোল্লা (২৬)।
মামলার বরাতে এপিপি বদিউজ্জামান বলেন, “খুকি বেগমের সঙ্গে জয়নাল গাজীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন ছেলে আরিফ হোসেন। এ নিয়ে মা ও ছেলের সম্পর্কের অবনতি হয়।
“২০১৫ সালে আরিফ হোসেন প্রেম করে পাশের উত্তর আলগী ইউনিয়নের মিজি বাড়ির আব্দুস সালাম মিজির মেয়ে আসমা আক্তারকে (১৯) বিয়ে করেন। তাদের বিয়ে প্রথমে মেনে না নিলেও এক পর্যায়ে মেনে নেন খুকি বেগম। তবে কিছুদিন না যেতেই মায়ের সঙ্গে ছেলে ও ছেলের বউয়ের বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লাগত।”
তিনি আরও বলেন, “এক পর্যায়ে খুকি বেগম ছেলেকে হত্যার পরিকল্পনা করেন। ২০১৫ সালের ১৬ নভেম্বর ছেলের বউকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৮ নভেম্বর রাতে খুকি বেগম নিজ বাড়িতে জয়নাল গাজী ও তার সহযোগীদের ডেকে নিয়ে ঘুমন্ত অবস্থায় আরিফকে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।
“পরদিন সকালে খুকি বেগম আরিফের স্ত্রী আসমাকে ফোন করে জানান, ডাকাতরা আরিফকে জখম করে ফেলে গেছে। আসমা তাৎক্ষণিক স্বামীর বাড়িতে গিয়ে দেখেন আরিফকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। পরে সেখান থেকে ঢাকা নেওয়ার পথে আরিফ মারা যান।”
এ ঘটনায় আসমা বাদী হয়ে তার শাশুড়ি খুকি বেগমসহ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে হাইমচর থানায় হত্যা মামলা করেন।
আইনজীবী বদিউজ্জামান জানান, মামলার পর নিহতের মা খুকি বেগমসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও পরে তারা জামিনে ছাড়া পান। তবে ইউছুফ মোল্লা প্রথম থেকেই পলাতক রয়েছেন।
তৎকালীন থানার এসআই মো. নুর মিয়া ঘটনার এক বছর পর ২০১৬ সালের ৯ নভেম্বর চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে তিনি জানান।
সাক্ষ্যগ্রহণ শেষে নিহতের মাসহ দুই জনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানান এপিপি বদিউজ্জামান।
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মো. জয়নাল আবেদীন।
