২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সড়কে গেল ৪ প্রাণ

রোববার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জে সড়কে গেল ৪ প্রাণ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2023, 06:59 PM

Updated : 03 Jul 2023, 06:59 PM

নারায়ণগঞ্জের সড়কে আলাদা দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

রোববার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

সবশেষ সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী জয়দেব সাহা (৫৫) মারা যান। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এর যাত্রী জয়দেব সাহা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই মো. মাসুদ জানান, হাসপাতালে আনার আগেই ওই যাত্রীর মৃত্যু হয়েছে।

এর আগে সকাল ৯টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বাসের ধাক্কায় মারা যান সাইদুর রহমান (৪৩) নামে এক ব্যক্তি।

তার স্ত্রী পাপিয়া আক্তার জানিয়েছেন, সাইদুরের বাড়ি বাগেরহাট জেলায়। তিনি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এরিয়া ম্যানেজার ছিলেন। সকালে নগরীর পাইকপাড়া এলাকার বাসা থেকে বেরিয়ে মোটরসাইকেলে ঢাকার সারুলিয়ায় যাচ্ছিলেন তিনি।

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আযম বলেন, ঢাকামুখী হিমাচল পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাইদুরের মৃত্যু হয়। অভিযুক্ত বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রোববার রাতে নগরীর বাবুরাইল বউবাজার এলাকায় প্রাইভেট কারের চাপায় আলমগীর হোসেন (৪০) নামে এক পথচারী মারা যান। তিনি স্থানীয় একটি মিষ্টির দোকানের ম্যানেজার ছিলেন।

সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, বউ বাজার দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি প্রাইভেট কার আলমগীরকে চাপা দেয়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাতেই নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় কোনো অভিযোগও করেননি তার পরিবারের সদস্যরা।

এ ছাড়া গতরাতেই সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় ট্রাকচাপায় মারা যান জিহাদ নামে এক যুবক। তিনি জামালপুর জেলার আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানিয়েছে, জিহাদ আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।