২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

বিশৃঙ্খলা এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি আনিচুর।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 05:14 PM

Updated : 11 Dec 2023, 06:32 PM

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভেন্নাবাড়ি মহাজন বাড়ি ব্রিজ এলাকায় বোড়াশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সেকেন্দার মোল্লা ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মিটু মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে ১৯ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১১ জনকে প্রাথমিক চিকিৎসার দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এলাকাবাসীদের বরাতে ওসি বলেন, “একটি সালিশে জরিমানা করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সেকেন্দার মোল্লা ও মিটু মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। সকালের দুইপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

“এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিয়ন্ত্রণে আনে।”

বিশৃঙ্খলা এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি আনিচুর।

তিনি বলেন, “এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”