Published : 10 Feb 2025, 03:47 PM
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি খালে টর্পেডো সদৃশ একটি বস্তু ভেসে এসেছে। সেটি দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রাঙ্গাবালী থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, রোববার বেলা ১২টার দিকে উপজেলার মৌডুবি ইউনিয়নের মীরকান্দা গ্রাম সংলগ্ন ‘ভাঙা খালে’ বস্তুটিকে ভাসতে দেখেন এলাকাবাসী।
স্থানীয়রা বলছেন, বস্তুটির দৈর্ঘ্য প্রায় ২০ থেকে ২৪ ফুট। পাশের রাবনাবাদ চ্যানেল দিয়ে সেটি ভেসে আসতে পারে বলে ধারণা করছেন তারা।
ওসি হেলাল উদ্দিন বলেন, “ভাসমান ওই বস্তুটির খবর পেয়ে নৌ-বাহিনীর একটি টিম এসে সেটি দেখে গেছে।আগামীকাল এসে তারা এটা শেরে-ই বাংলা নৌ-ঘাঁটিতে নিয়ে যাবে।”
বস্তুটি কী? জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, “এটি টর্পেডো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টর্পেডো ডুবন্ত থাকে এবং এক ধরনের স্ব-চালিত অস্ত্র। এটা জলের নিচে বিস্ফোরক বহন করে।
“এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে আতঙ্কের কিছু নাই।”
মীরকান্দা গ্রামের বাসিন্দা সালাহউদ্দিন বলছিলেন, দুপুরের দিকে এটি দেখতে পেয়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। এরপর পুলিশ আসলে একটু স্বস্তি আসে।
“কিন্তু এলাকার মানুষ আসলে আতঙ্কে আছে, বস্তুটি আসলে কী এবং এটি বিস্ফেরিত হয় কী-না এটা নিয়ে।”