ফেনীতে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর; স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি
ফেনী মডেল থানার ওসি বলেন, অগ্নিসংযোগের ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের আগের রাত থেকে ভোর পর্যন্ত ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাঁচটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বত্তরা।
শনিবার ভোরে শহরের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা।
এদিকে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতাসহ চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
নির্বাচনকে সামনে রেখে শনিবার ভোর থেকে ভোটের পরদিন সোমবার ভোর পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অন্তত পাঁচটি গাড়িতে আগুন দিয়েছে অজ্ঞাত হামলাকারীরা।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপোল লাতু মিয়া সেতুর পাশে দাঁড়িয়ে থাকা দুটি কভার্ডভ্যান, শর্শদি ইউনিয়নের দেবীপুরে দুটি কভার্ডভ্যান ও লালপোল এলাকায় একটি বাসে আগুন দেয় অজ্ঞাত লোকজন।
ফেনী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ বলেন, দমকলকর্মীরা দেবীপুর এলাকায় দুটি কভার্ডভ্যান ও লালপোল এলাকায় একটি বাসে লাগা আগুন নিভিয়েছেন।
আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।
ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, অগ্নিসংযোগের ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এদিকে, শনিবার ভোরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে হরতাল সমর্থনে পিকেটিং করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় হাতবোমার বিস্ফোরণ হয়। সড়কে চলাচলরত কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন একদল যুবক। এক পর্যায়ে তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
অপরদিকে, ফেনীর বারাহিপুরে স্বেচ্ছাসেবক দল নেতাসহ চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।
শুক্রবার মধ্যরাতে শহরের বারাহিপুর খাজুরিয়া রাস্তার মাথার পাশে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল।
স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের অভিযোগ, শুক্রবার রাতে দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ কয়েকজন খাজুরিয়া রাস্তার মাথার ব্যাডমিন্টন খেলা শেষে পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন।
“এ সময় আওয়ামী লীগের কয়েকজন নেতা তাদের ঘেরাও অজ্ঞাত স্থানে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছ। এ সময় তাদের সাথে থাকা মোবাইল সেটসহ নগদ টাকা ছিনিয়ে নিয়ে ওই স্থানে ফেলে যায়।”
তিনি জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে। আহতদের মধ্যে দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল্লাহ আল মামুনের মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল বলেন, ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের উপস্থিতিতে আওয়ামী সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক দলের নেতাদের উপর হামলা করেছেন। হামলার পর উল্টো মামলার শঙ্কায় আহত অপর তিনজনের নাম প্রকাশ করা যাচ্ছে না।
এ প্রসঙ্গে জানতে চাইলে কাউন্সিলর বাহার উদ্দিন বাহার বলেন, “বিএনপি সন্ত্রাসীরা যুবদল নেতা গিয়াস উদ্দিন খোন্দকারের বাড়ির পাশে অন্ধকারে বসে নাশতার পরিকল্পনা করেছে। এ সময় স্থানীয় আশপাশের লোকজনসহ যুবলীগ- ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের জনতার হাত থেকে উদ্ধার করে ছেড়ে দিয়েছি। সেইসঙ্গে মোবাইল ফোনসহ তাদের সঙ্গে থাকা টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।”
ফেনী মডেল থানার এসআই ইমরান হোসেন বলেন, হামলার ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত ফেনী থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
