১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গ্রামবাসীর হাতে আটক নীলগাই গাজীপুর সাফারি পার্কে

তবে, এটি ১৬ জানুয়ারি সাফারি পার্কের দেয়াল ভেঙে পালিয়ে যাওয়া নীলগাইটি কিনা তা নিশ্চিত করতে পারেননি পার্ক কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2025, 11:50 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্রামবাসীর হাতে আটক হওয়া একটি নীলগাইয়ের ঠাঁই হয়েছে গাজীপুরের সাফারি পার্কে। 

তবে, এটি ১৬ জানুয়ারি সাফারি পার্কের দেয়াল ভেঙে পালিয়ে যাওয়া নীলগাইটি কিনা তা নিশ্চিত করতে পারেননি পার্ক কর্তৃপক্ষ। 

রোববার সকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা নীলগাইটি হস্তান্তর করেন বলে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) রফিকুল ইসলাম জানান। 

তিনি বলেন, পুরুষ নীলগাইটি আহত হওয়ায় তাকে পার্কের বিশেষ বেষ্টনীতে রাখা হয়েছে। সেখানে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে।

অপরদিকে, সকালে পার্কে দুই পুরুষ কুমিরের মধ্যে মারামারিতে একটি আহত হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, “একই বেষ্টনীতে তিনটি কুমির ছিল। সবগুলো কুমিরই সমবয়সী এবং তিনটির মধ্যে একটি স্ত্রী কুমির। স্ত্রী কুমিরকে নিয়ে দুই পুরুষ কুমির মারামারিতে লিপ্ত হয়। আহত কুমিরটিকে অন্য আরেক বেষ্টনীতে চিকিৎসাধীন রাখা হয়েছে। 

“এটা তাদের স্বভাবগত আচরণ। খাবারের জন্য তারা কখনো মারামারি করে না। অনেক সময় প্রাধান্য বিস্তার করতে গিয়েও তারা মারামারি করে থাকে। অপর পুরুষ ও স্ত্রী কুমির সুস্থ আছে।”