Published : 09 Jul 2026, 10:40 PM
বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতেই বেহাল হয়ে পড়ে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া দক্ষিণপাড়া এলাকার বিভিন্ন রাস্তাঘাট। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুলগামী শিশুদের। এর প্রভাব পড়ছে স্কুলে উপস্থিতির ওপরও।
স্থানীয়দের ভাষ্য, টানা বৃষ্টিতে খাল-বিল উপচে পড়ে এবং রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। এতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হয় সবাইকে।
স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রুপাইয়া খাতুন বলে, তার বাড়ি ফসলের ক্ষেতের পাশে। তাই মূল সড়কে উঠতে তাকে ক্ষেতের আইল ব্যবহার করতে হয়।
রুপাইয়া বলে, “একটু বৃষ্টি হলেই ক্ষেতে পানি জমে যায়। তখন আইল ডুবে যাওয়ায় স্কুলে যেতে খুব কষ্ট হয়। অনেক সময় পথে পড়ে গিয়ে বই-খাতা ও পোশাক নষ্ট হয়ে যায়। তাই বর্ষা মৌসুমে অনেক দিন স্কুলে যেতে পারি না।”

সুলতানা পারভীন স্বপ্না নামের এক অভিভাবক বলেন, “গত কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারছি না। এতে সে পড়াশোনায় পিছিয়ে পড়ছে।”
বৃহস্পতিবার দুপুরে সয়াধানগড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় অনেক কম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা পারভীন বলেন, “বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হলে বিভিন্ন পানিবাহিত রোগও দেখা দেয়। তাই অসুস্থতার কারণেও অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শামীমা সুলতানা বলেন, “বছরের অন্য সময় আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ৯০ থেকে ৯৫ শতাংশ থাকে। কিন্তু বর্ষা মৌসুমে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে উপস্থিতির হার অনেক কমে যায়।”
তিনি আরও বলেন, “আমাদের বিদ্যালয়টি গ্রামীণ এলাকায় অবস্থিত। এখানকার অধিকাংশ রাস্তাই কাঁচা। তাই বৃষ্টির দিনে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে পারে না।”
প্রতিবেদকের বয়স: ১৪ বছর । জেলা: সিরাজগঞ্জ।