Published : 10 Jul 2026, 12:08 AM
জিম্বাবুয়েতে হারের চক্রে থাকা বাংলাদেশের জন্য আরেকটি দুঃসংবাদ। সিরিজের বাকিটায় খেলতে পারবেন না মুস্তাফিজুর রহমান। পেশির চোটে দেশে ফিরে আসবেন অভিজ্ঞ পেসার।
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার একাদশে ছিলেন না মুস্তাফিজ। প্রথম ম্যাচে বোলিং করেছিলেন ৬ ওভার। সেই ম্যাচেই টান লাগে তার হ্যামস্ট্রিংয়ে।
ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, আপাতত দেশে ফিরে পুনর্বাসন চলবে বাঁহাতি এই পেসারের।
“মুস্তাফিজুর রহমা প্রথম ওয়ানডেতে ডান হ্যামস্ট্রিংয়ের কমপ্লেইন নিয়ে উঠে এসেছে। পরবর্তীতে ওর স্ক্যান করানো হয়েছে। সেখানে গ্রেড ওয়ান মাসল টিয়ার এসেছে ডান হ্যামস্ট্রিংয়ে। একই হাঁটুতে ওর একটু সমস্যা আছে। আমরা আশা করছি, চার সপ্তাহের আশেপাশে লাগবে ঠিক হতে। মুস্তাফিজ দেশে ফিরে গিয়ে রিহ্যাব করবে।”
চার সপ্তাহ সময় লাগা মানে দা হান্ড্রেড টুর্নামেন্টের শুরুর ভাগে তিনি খেলতে পারবেন না। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেটের এই আসরে তার খেলার কথা। টুর্নামেন্টটি শুরু হচ্ছে আগামী ২১ জুলাই।
জিম্বাবুয়ে টেস্টে ইনিংস ব্যবধানে হারার পর ওয়ানডে সিরিজেও বাংলাদেশ হেরে গেছে প্রথম দুই ম্যাচেই। সিরিজের শেষ ম্যাচটি শনিবার। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। বাংলাদেশের টি-টোয়েন্টি বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ মুস্তাফিজ। তাকে হারানো তাই বড় ধাক্কা দলের জন্য।
এর আগে চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন কুমার দাসও। টি-টোয়েন্টিতে সিরিজে তার এমনিতেই খেলার কথা ছিল না।