Published : 09 Jul 2026, 10:43 PM
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই দিয়ে তৈরি ছবি ছড়িয়ে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের এ মিছিল হয় বলে জানান রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী।
ফেইসবুকে ছড়িয়ে পড়া ছবিতে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে আরও দুজনের সঙ্গে বসে থাকতে দেখা যায়। ছবিতে তাদের সামনে একটি ট্রেতে দুটি মদের বোতলও দেখা যায়।
বিএনপির দাবি, ছবিটি এআই দিয়ে সম্পাদনা করা হয়েছে। তাদের ভাষ্য, মূল ছবিতে মদের বোতল ছিল না। ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারও ছবিটিকে ভুয়া বলে শনাক্ত করেছে।
এ ঘটনায় উপজেলা বিএনপির নেতা নজরুল ইসলাম পিন্টু মঙ্গলবার রামগঞ্জ থানায় মামলা করেন।
ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “এআই দিয়ে তৈরি ছবি ছড়িয়ে অপপ্রচারের অভিযোগে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।”
বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, এআই দিয়ে ভুয়া ছবি তৈরি এবং ফেইসবুকে ছড়িয়ে একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রামগঞ্জ পৌর বিএনপির সভাপতি কামরুল ইসলাম শেখ, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি মনোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার সেতু, সাবেক সদস্যসচিব আলমগীর হোসেন মিয়া এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব বাবলু।