শীতলপাটি এবার শাড়িতে, দেয়ালে, ঘরের সাজে
হাতে বোনা শীতলপাটির টুকরো শৈল্পিক ডিজাইনে তুলে ধরে প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ের দোতলার সিঁড়ি বেয়ে উপরে উঠতেই চোখে পড়বে দেয়ালজুড়ে নানা রকমের ফ্রেম, শাড়ি, হাতপাখা, কুশন কভার, মগ আর গয়নার বাক্সসহ বিভিন্ন জিনিস।
হাতে বোনা শীতলপাটির টুকরো এমন সব শৈল্পিক ডিজাইনে তুলে ধরে প্রদর্শনী আয়োজন করেছেন ফ্যাশন ডিজাইনার ফয়সাল।
‘বাংলার বোনা স্বপ্ন: শীতলপাটি’ শিরোনামে তিন দিনের এ প্রদর্শনী বৃহস্পতিবার শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।
প্রদর্শনীর আয়োজক ফয়সাল বলছেন, তিন বছরের চেষ্টায় শীতলপাটিকে এমন সব নকশায় হাজির করতে পেরেছেন তিনি।
তার কথায়, “ছোটবেলায় দেখতাম বয়োজ্যেষ্ঠদের শীতলপাটি ছাড়া গ্রীষ্মকাল কাটত না। সেই স্মৃতি ও দেশের প্রতি ভালোবাসা থেকেই একজন ডিজাইনার হিসেবে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন করে উপস্থাপন করতে চাওয়া।”
বিষয়টি নিয়ে ২০২৩ সাল থেকে কাজ করার কথা তুলে ধরে ফয়সাল বলেন, “ডিজাইনিং মানে শুধু কাপড়ের নকশা করা নয়। যখন দেখছি ৫ থেকে ৭ হাজার টাকা দামের কারণে মানুষ পাটি কিনছে না এবং তাঁতিরা কষ্টে আছেন, তখন মনে হল এই শিল্পের কিছুটা অংশ নিয়ে যদি তাদের পাশে দাঁড়ানো যায়, তবে শিল্পীরা আবার ঘুরে দাঁড়াবেন।
“শীতলপাটি তো কেবল একটি সাধারণ হস্তশিল্প বা ঘুমানোর পাটি নয়, এটি জড়িয়ে আছে এ দেশের মানুষের আবেগ, স্মৃতি ও ভালোবাসার সঙ্গে। আর সেই হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে টিকিয়ে রাখতে শীতলপাটির বুননকে আধুনিক ফ্যাশনে রূপান্তরের এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।”
অভিনেতা ও নির্দেশক মামুনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারুক আহমেদ মোল্লা এবং শিল্পী শাওন আকন্দ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
