মেহেরপুরে ইটভাটার মাটিতে জনদুর্ভোগ, আদালতের স্বপ্রণোদিত আদেশ
ইটভাটার মাটি পড়ে রাস্তার ক্ষতি, জনদুর্ভোগ সৃষ্টিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করেছে আদালত।
মেহেরপুরে ইটভাটার জন্য পরিবহণ করা মাটি পড়ে সড়কের ক্ষতি, দুর্ঘটনা বৃদ্ধি এবং অবৈধ ইটভাটার বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে পুলিশ ও পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে আদালত।
মেহেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম-প্রথম আদালতের বিচারক এস এম শরিয়ত উল্লাহ শনিবার স্বপ্রণোদিত এ আদেশ জারি করেন। আদেশের একটি কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে।
মেহেরপুরে ইটভাটার মাটি বহনকারী যানবাহন থেকে মাটি পড়ে বিভিন্ন সড়কের ক্ষতি করছে, সরকারি নতুন রাস্তা অচিরেই চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ছে এবং মাটি পিচ্ছিল হয়ে সড়ক র্দুঘটনার বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে- সংবাদপত্রে এবং টেলিভিশনে এই সংক্রান্ত প্রতিবেদন নজরে এলে আদালত স্বপ্রণোদিত আদেশ জারি করেন।
আদালত একে জীবনের হুমকি বিবেচনায় দণ্ডবিধির ২৯০ ও ৪৩১ ধারা অনুযায়ী ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করেছে।
সেই সঙ্গে জেলায় ১০৩টি ইটভাটার মধ্যে অধিকাংশ লাইসেন্সবিহীন, অবৈধ এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা সংলগ্ন হওয়ার বিষয়টি ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ৪ ও ৮ এর লঙ্ঘন এবং এই আইনের ধারা ১৪ ও ১৮ অনুযায়ী অর্থদণ্ড ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করেছে।
আদেশে আদালত, বিষয়গুলো তদন্ত করে ২৩ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুষ্টিয়ার বিশেষ পুলিশ সুপার এবং পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালককে নির্দেশ দিয়েছেন।
পিবিআইকে পরিদর্শক পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা দিয়ে তদন্ত এবং পরিবেশ অধিদপ্তরকে স্বতন্ত্র প্রশাসনিক তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
মাটি পড়ে রাস্তার ক্ষতির প্রসঙ্গটি স্বীকার করে মেহেরপুর জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আতু বলেন, “আমরা বিষয়টি দেখেছি। প্রতিটি ভাটা মালিককে নিজ এলাকা পরিষ্কার করতে বলেছি।”
মেহেরপুর জেলা প্রশাসক ড. মো. মনসুর আলম খান বলেন, “এই ধরনের খবর পেলেই ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পাঠানো হচ্ছে। ভাটা মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা জনদুর্ভোগ লাঘবের চেষ্টা করে যাচ্ছি।”
আদালতের আদেশ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়ার উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমানের জানান, মেহেরপুরে একটি ইটভাটা ছাড়া সবই অবৈধ। কোনো ইটভাটার পরিবেশের ছাড়পত্র নেই। এ সংক্রান্ত তালিকাসহ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে।
তিনি বলেন, “মেহেরপুরে সব ইটভাটায় কয়লার বদলে কাঠ পুড়িয়ে বৃক্ষ সম্পদ ধ্বংস করছে সত্য। খুব শিগগির পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাসহ একটি দল ধারাবাহিক অভিযান পরিচালনা করবে এবং অবৈধ ইটভাটা বন্ধে পদক্ষেপ নেবে।”
