১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির আবাসিক প্রশিক্ষণ শুরু

প্রশিক্ষণের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন কলেজের শিক্ষকদের প্রশিক্ষিত করে শ্রেণিকক্ষে প্রযুক্তিনির্ভর ও আধুনিক পাঠদান নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 01:07 AM

Updated : 11 Nov 2026, 01:07 AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে ৯০ জন কোর ট্রেইনারের পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রশিক্ষণের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন কলেজের শিক্ষকদের প্রশিক্ষিত করে শ্রেণিকক্ষে প্রযুক্তিনির্ভর ও আধুনিক পাঠদান নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে ‘কোর ট্রেইনার ট্রেনিং অন অ্যাপ্লাইড আইসিটি’ শীর্ষক এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণে অংশ নেওয়া কোর ট্রেইনারদের এর আগে অনলাইন প্ল্যাটফর্মে সাত দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। অনলাইন প্রশিক্ষণে যাচাই-বাছাই ও সনদ অর্জনের প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯০ জনকে আবাসিক প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে। পাঁচ দিনের এই প্রশিক্ষণে কারিক্যুলাম উন্নয়নের সঙ্গে যুক্ত ডোমেইন ও পেডাগোজি বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ।

তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান কিংবা বিজ্ঞান বিষয়ের প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি ও এআইয়ের প্রয়োগ শেখা অপরিহার্য হয়ে উঠেছে। উন্নত বিশ্বের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত তাদের পাঠ্যক্রম ও প্রশিক্ষণ ব্যবস্থায় পরিবর্তন আনছে।

“বাংলাদেশের প্রযুক্তিগত সীমাবদ্ধতা, উচ্চগতির ইন্টারনেটের অভাব কিংবা প্রাতিষ্ঠানিক নানা চ্যালেঞ্জ থাকলেও বসে থাকার সুযোগ নেই। সীমিত সামর্থ্যের মধ্যেও ইতিবাচক পদক্ষেপ নেওয়া অনেক ভালো।”

জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আইসিটি এবং আধুনিক প্রশিক্ষণের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে কাজ করছে সেই সাথে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্রহণ করতে হবে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক নাজমুল হোসাইন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ফকির রফিকুল আলম উপস্থিত ছিলেন।