০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান ও গবেষণায় সহায়তা দিতে চুক্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ডিজিটাল দক্ষতা উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ, শান্তিশিক্ষা এবং পেশাগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 12:48 PM

Updated : 06 Nov 2026, 12:48 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গবেষণা কার্যক্রম জোরদারে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে।

জাতিসংঘের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ইউনিভার্সিটি ফর পিস (ইউপিস)’ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান ‘কোডার্সট্রাস্টের’ সঙ্গে যৌথভাবে কাজ করতে এই চুক্তি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 'ট্রাম্প সেন্টারে' তিন প্রতিষ্ঠানের মধ্যে বৃহস্পতিবার এ চুক্তি সই হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ, ইউপিসের ডিন মিহির এবং কোডার্সট্রাস্টের সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আজিজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেছেন।

চুক্তি অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ডিজিটাল দক্ষতা উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ, শান্তিশিক্ষা এবং পেশাগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

অনলাইন, অফলাইন ও ব্লেন্ডেড পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, ওয়েব ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ডেটা ব্যবস্থাপনা, ফ্রিল্যান্সিং এবং উদ্যোক্তা উন্নয়নের মতো বিষয়ে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

শিক্ষার্থীদের ক্যারিয়ার পরামর্শ, কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন এবং পেশাগত জীবনে প্রবেশের সুযোগ তৈরিতে এতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিশ্ববিদ্যালয়টি তার অধিভুক্ত কলেজগুলোর নেটওয়ার্ক কাজে লাগিয়ে এসব কার্যক্রম শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবে। আর ইউনিভার্সিটি ফর পিস শান্তিশিক্ষা, সংঘাত নিরসন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ে একাডেমিক জ্ঞান, প্রশিক্ষক ও পাঠ্যবিষয়বস্তু সরবরাহ করবে।

চুক্তির আওতায় শিক্ষক প্রশিক্ষণ, সনদভিত্তিক স্বল্পমেয়াদি কোর্স, পাঠ্যক্রম উন্নয়ন, যৌথ গবেষণা এবং শিক্ষাসংক্রান্ত তথ্য বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

উদ্যোক্তারা আশা করছেন, তিন প্রতিষ্ঠানের এ উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের মানসম্মত শিক্ষা (এসডিজি ৪), শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (এসডিজি ৮) এবং শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান (এসডিজি ১৬) অর্জনে অবদান রাখবে।

কোস্টারিকাভিত্তিক ‘ইউনিভার্সিটি ফর পিস’ জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান, যার অন্যতম সিগনেটরি বাংলাদেশ।