অ্যাপ্লায়েড আইসিটির কোর ট্রেইনার প্রশিক্ষণ শেষ করল জাতীয় বিশ্ববিদ্যালয়
“প্রশিক্ষণ শেষে আপনাদের মূল যাত্রা শুরু হল,” বলেন উপাচার্য এ এস এম আমানুল্লাহ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শেষ হল অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে ৯০ জন কোর ট্রেইনারের পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ।
শনিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘কোর ট্রেইনার ট্রেনিং অন অ্যাপ্লাইড আইসিটি’ শীর্ষক এ প্রশিক্ষণ শুরু হয় গত ১০ নভেম্বর। এর আগে সাত দিনের অনলাইন প্রশিক্ষণ ও যাচাই-বাছাই শেষে সনদপ্রাপ্তির ভিত্তিতে ৯০ জন শিক্ষককে আবাসিক প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়।”
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, “পাঁচ দিনের স্বল্প সময়ের প্রশিক্ষণ শেষে আপনাদের মূল যাত্রা শুরু হল। প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর দক্ষতা উন্নয়নের দায়িত্ব আপনাদের কাঁধে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের উদ্দেশ্য সফল হবে।‘‘
সনদপত্র বিতরণের অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সরদার মো. কেরামত আলী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক সাদিয়া শারমিন, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন আশেক কবির চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট ফাহমিদা শবনম।
