জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয় ‘শেখ হাসিনার মা’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
কীভাবে এবং কার অবহেলায় এই ভুল হয়েছে, তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারের একটি ছবিতে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিচয় নিয়ে অসঙ্গতি পাওয়ায় সংশ্লিষ্ট ৫ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছবিতে থাকা একটি ব্যানারে প্রয়াত প্রধানমন্ত্রীর পরিচয় লেখা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী ও শেখ হাসিনার মা’
রোববার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে জনসংযোগ দপ্তরের উপপরিচালক রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া ক্যালেন্ডারটির সব প্রকার উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে এরইমধ্যে যেসব ক্যালেন্ডার বিতরণ হয়ে গিয়েছিল সেসব প্রত্যাহার (ফেরত নেওয়া) করার প্রক্রিয়া শুরুর কথাও বলা হয়েছে।
কীভাবে এবং কার অবহেলায় এই ভুল হয়েছে, তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
আগামী বছরের জন্য তৈরি করা ওই ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় বাম পাশে স্থান পাওয়া ছবিতে দেখা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বেশ কয়েকজন মোনাজাত করছেন।
তাদের পেছনে খালেদা জিয়ার ছবি সংযুক্ত একটি ব্যানারে প্রথম লাইনে ছোট করে লেখা ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’। খালেদা জিয়ার ছবির ঠিক নিচেই লেখা ‘বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব’।
দ্বিতীয় লাইনে বড় করে লেখা ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার’ এবং পরবর্তী লাইনে আরেকটু ছোট করে ‘কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’। নিচে বড় করে লেখা ‘জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’।
