ব্যবসা বাড়ানোর চেয়ে ঋণের মানে গুরুত্ব এসবিএসি ব্যাংকের: এমডি মঈনুল
“আমাদের করপোরেট লেন্ডিংয়েও প্রতিটা ব্যাংক তাদের যে একটা মাত্রা থাকা উচিত, যেটা নিয়ে এখন সব জায়গায় আলোচনা হচ্ছে যে একটা ব্যাংক তার করপোরট লেন্ডিংয়ে কতটুকু যাবে।”
বড় গ্রাহকদের বেশি ঋণ দেওয়ার প্রবণতার কারণে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির হার কমে গেছে বলে মনে করেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির (এসবিএসি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম মঈনুল কবীর। এজন্য করপোরেট ঋণেও ব্যাংকের সীমা বেঁধে দেওয়ার পক্ষে তিনি।
বড় গ্রাহকদের বেশি ঋণ দেওয়ার কারণে ঋণ খেলাপি হওয়ার যে ঝুঁকি তৈরি হয়েছে তা কমিয়ে আনতে এখন এসএমই খাতে ঋণ দেওয়ার পরিমাণ বাড়ানোর তাগিদও দিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিয়মিত আয়োজন ‘চিনওয়্যাগ উইথ দ্য চিফস’ অনুষ্ঠানে ব্যাংকিং খাতের সার্বিক আলোচনায় এসব কথা বলেন মঈনুল কবীর।
ব্যবসা বড় করার চেয়ে ঋণের মানের দিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি এসএমই ও কৃষি খাতে এসবিএসি ব্যাংকের আলাদা নজর দেওয়ার কথা বলেছেন তিনি।
অনুষ্ঠানে ব্যাংক খাতে আস্থার সংকট, খেলাপি ঋণের বাড়তি চাপ ও বিনিয়োগে স্থবিরতা¬–এসব চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়েও কথা বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়েছে।
এসবিএসি ব্যাংকের এমডি বলেন, “আমাদের ব্যাংকগুলো আমরা কী করেছি–আমরা বড় বড় গ্রাহকের কাছে বেশি গিয়েছি, করপোরেট লেন্ডিংয়ে বেশি গিয়েছি। যেটা এখন এসে আমরা বুঝতে পারছি যে না, আসলে আমাদের করপোরেট লেন্ডিংয়েও প্রতিটা ব্যাংক তাদের যে একটা মাত্রা থাকা উচিত, যেটা নিয়ে এখন সব জায়গায় আলোচনা হচ্ছে যে একটা ব্যাংক তার করপোরট লেন্ডিংয়ে কতটুকু যাবে।
“কিন্তু ব্যাংকগুলো দেখা গেছে কী যে আমরাই অনেক সময় যে একটা বড় গ্রাহককে ১০০, ২০০, ৩০০ কোটি, ৪০০ কোটি টাকা লোন দিয়েছি। সেক্ষেত্রে ছোট ছোট যারা উদ্যোক্তা, এসএমই উদ্যোক্তা—বাংলাদেশ ব্যাংক এখন কী বলছে যে, না এসএমই গ্রাহকের কাছে আমাদেরকে যেতে হবে।”
আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার পদক্ষেপ, ব্যাংক কোম্পানি আইন সংশোধন, বেসরকারি খাতে বিনিয়োগের স্থবিরতার পাশাপাশি পুঁজিবাজারে ব্যাংকের বর্তমান অবস্থান, এআই ও ডিজিটাল ব্যাংকিং নিয়েও খোলামেলা কথা বলেন তিনি।
সামনের দিনগুলোতে চতুর্থ প্রজন্মের ব্যাংকের মধ্যে এসবিএসি ব্যাংক কীভাবে সেরা অবস্থানে যেতে চায় সেই পরিকল্পনাও তুলে ধরেন মঈনুল কবীর।
ব্যাংকে টাকা রেখে সময়মতো আমানত তুলতে না পারার ঘটনা এখনও কিছু কিছু ব্যাংকে ঘটছে। এমন পরিস্থিতিতে মানুষ কেন ব্যাংকে টাকা রাখবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘আমরা দেখেছি কিছু কিছু ব্যাংকে এসে গ্রাহক তাদের যে জমা টাকা আছে সেগুলো তারা ফেরত পাচ্ছে না। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে, আমাদের ব্যাংকিং খাতে সুশাসনের একটা বড় অভাব ছিল। সুশাসনের অভাবের কারণে ব্যাংকগুলোর থেকে টাকা যেভাবে ঋণের মাধ্যমে বিতরণ করা হয়েছে, তাতে দেখা গেছে যে, টাকাগুলো বিভিন্ন কারণে বিভিন্নভাবে অন্যদিকে চলে গিয়েছে, ব্যাংকের বাইরে চলে গিয়েছে।’’
ব্যাংকিং খাতে এখন সুশাসনের পরিবেশ বিরাজ করছে মন্তব্য করে এসবিএসি ব্যাংকের এমডি বলেন, ‘‘এই যে গুড গভর্ন্যান্স, গুড গভর্ন্যান্সের কারণে গুটিকয়েক ব্যাংক ছাড়া, আমি মনে করি যে সবগুলো ব্যাংকেই এখন একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে। গ্রাহকরা এসে টাকা পাচ্ছে। গ্রাহকের আস্থার যে সংকটটা ছিল এবং সেই সংকটটা আস্তে আস্তে কেটে যাচ্ছে।’’
তিনি বলেন, ‘‘আমাদের কোনো গ্রাহকেরই কোনো আস্থার সংকট কখনো হয়নি। আর আমরা একটা মনে করি যে, একটা করপোরেট বা অন্য একটা প্রতিষ্ঠান যখন কোনো প্রতিষ্ঠানে টাকা রাখে, তখন হয়তো করপোরেট প্রতিষ্ঠানটা তার ব্যালেন্স শিট অ্যানালাইসিস করে, তার বিভিন্ন আর্থিক সূচকগুলো দেখে।’’
তিনি বলেন, এসবিএসসি ব্যাংকের পরিচালনা পর্ষদ দক্ষ ব্যক্তিদের ব্যবস্থাপনা বিভাগে নিয়োগ দেওয়ায় প্রতিটি স্তরে সুশাসনের ব্যবস্থা রয়েছে। এ কারণে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ করা হয়েছে।
পেশাদার ও দক্ষ ব্যক্তিদের নিয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মঈনুল কবীর বলেন, ‘‘বোর্ডে কারা থাকবে? আমি মনে করি যারা পেশাদার, যারা ভালো দক্ষ, এই ধরনের লোকই কিন্তু বোর্ডে থাকবে। সেক্ষেত্রে বোর্ডের দায়িত্ব হলো ব্যবস্থাপনাকে নির্দেশনা দেওয়া।’’
ব্যাংক খাতের সবচেয়ে বড় সমস্যা এখন খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বিতরণ করা ঋণে ১০০ টাকার মধ্যে ৩৪ টাকাই খেলাপি।
উচ্চ হারের খেলাপি ঋণ নিয়ন্ত্রণের প্রশ্নে তিনি বলেন, ‘‘ব্যাংকে যদি সুশাসন থাকে, আপনি যদি ঋণটা যখন বিতরণ করছেন, বিতরণের লেভেলে যদি আপনি আপনার ডিউ ডিলিজেন্সটা ঠিকমতো আপনি করতে পারেন, তাহলে ঋণখেলাপির মাত্রাটা অনেক কমে যাবে।’’
ঋণ খেলাপিদের বিষয়ে এসবিএসি ব্যাংকের পদক্ষেপের বিষয়ে এমডি বলেন, ‘‘যারা ইচ্ছাকৃত খেলাপি, তাদের ব্যাপারে আমাদের কঠোর পদক্ষেপ। তাদেরকে আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি। আইনগত পদক্ষেপের মাধ্যমে এই টাকা আদায় করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা যাচ্ছে।’’
বিনিয়োগে ধীর গতি এবং বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে পণ্যের আমদানি-রপ্তানিতে জাহাজগুলো বিভিন্ন রুটে বাধার সম্মুখীন হচ্ছে। বিভিন্নভাবে বিভিন্ন রুট ব্যবহার করছে। এজন্য অনেক গ্রাহকই কিন্তু তারা নতুন করে বিনিয়োগে একটু ভয় পাচ্ছে। এটা সাময়িক, এটার শঙ্কাটা কেটে যাবে।
ব্যাংকের পর্ষদে রাজনৈতিক প্রভাব কমিয়ে আনতে রাজনীতিবিদদের অংশগ্রহণ নিয়ন্ত্রণ ও এক পরিবার থেকে পরিচালক সংখ্যা কমিয়ে আনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এজন্য ব্যাংক কোম্পানি আইন ফের সংশোধনের দিকে যাচ্ছে সরকার।
এমন উদ্যোগ ব্যাংক খাতে সুশাসনের জন্য ইতিবাচক বলে মনে করেন মঈনুল কবীর। বলেন, ‘‘আমি শুধু একটা কথা বলতে চাই, এখানে কোনো পরিবার বা রাজনীতি এটা কোনো বিষয় না। বিষয়টা হলো আসলে পেশাদারত্ব আছে কি না। তারা যদি বোর্ডে আসে তাহলে আমি মনে করি যে একটা সুশাসন আসবে।’’
আর্থিক সূচকে স্থিতিশীল থাকা এসবিএসি ব্যাংকের শক্তি কোথায় প্রশ্নে এমডি বলেন, ‘‘আমাদের ব্যাংকের শক্তি হলো, ব্যাংকের সুশাসন এবং দক্ষ জনবল। এটাই আমি মনে করি এই ব্যাংকটা সামনে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় নিয়ামক।’’
ভবিষ্যতে ব্যাংকের অবস্থান কোথায় দেখতে চান এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘আমাদের ভিশন হলো ফোর্থ জেনারেশন ব্যাংকের ভিতরে আমরা নাম্বার ওয়ান ব্যাংক হতে চাই। আমাদের অর্থনৈতিক ভিত্তিটাকে আমরা মজবুত করতে চাই।’’
সে লক্ষ্য অর্জনে পুরো ব্যাংককে প্রযুক্তি নির্ভর করে সাজানোর পরিকল্পনার কথা তুলে ধরে মঈনুল কবীর বলেন, ‘‘এখন আমাদের যে জনবল আছে, তাদেরকে আমরা এআই বেইজড মানে প্রযুক্তি বেইজড করতে পারি। বিভিন্নভাবে দক্ষ করে জনগণের সামনে যেন আমরা তুলে ধরতে যেতে পারি, সেটাই আমাদের মেইন লক্ষ্য।’’
রাজনৈতিক শক্তি ব্যবহার বা অন্য কোনো উপায়ে প্রভাবশালীরা ঋণ নেওয়ায় সরকারি ব্যাংকের পাশাপাশি অনেক বেসরকারি ব্যাংকে ঋণ কেলেঙ্কারির ঘটনাও ঘটেছে। দুর্বল হয়ে গেছে এসব ব্যাংক। সেক্ষেত্রে এসবিএসি ব্যাংকের অভিজ্ঞতাটা কেমন- এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা অতীত থেকে আমরা অনেক কিছু দেখেছি। সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকায় পর্ষদ বৈচিত্রময় পেশার ব্যক্তিদের নিয়ে এসবিএসি ব্যাংকের পর্ষদ সাজানো হয়।”
তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে এসএমই খাতের ব্যবসায়ীদের ঋণ দিতে অগ্রাধিকার দিয়ে আসছে এসবিএসি ব্যাংক। দীর্ঘ ১৪ বছর পরেও সেই নীতি ধরে রাখছে ব্যাংকটি। এনজিও ঋণের উচ্চ সুদের চাপ থেকে কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বের করে আনতে গ্রাহকদের শিক্ষিত করার কাজটিও করছে তাদের ব্যাংক। কৃষি ঋণ বাড়াতে সরাসরি ব্যক্তি পর্যায়ে অগ্রাধিকার দিচ্ছে ব্যাংক।
পুঁজিবাজারে ব্যাংকের সার্বিক অবস্থার বিষয়ে মঈনুল কবীর বলেন, ‘‘আমাদের যারা শেয়ারহোল্ডার আছেন, যারা স্টেকহোল্ডার আছেন, নিশ্চয়ই একটা ব্যাংক ভালো করলে অবশ্যই তারা একটা ভালো সুসংবাদ অবশ্যই পাবেন ইনশাল্লাহ।’’
