ঈদের সকালে ব্রহ্মপুত্রে গোসলে নেমে বিএনপি নেতার মৃত্যু
“ধারণা করছি, গোসল করতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে তিনি পানিতে ডুবে মারা যান।”
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর শাঁখচূড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাইছ উদ্দিন (৭৫) উপজেলা শ্রমিক দলের সাবেক সহসভাপতি এবং পাঁচবাগ ইউনিয়ন পরিষদের তিনবারের সদস্য ছিলেন।
নিহতের ছেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম রিপন বলেন, “ঈদের নামাজ পড়ার জন্য বাবা বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের গোসল করতে যান। ধারণা করছি, গোসল করতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে তিনি পানিতে ডুবে মারা যান।
“বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তার খোঁজে নদে যায়। গিয়ে দেখি পানিতে তার মরদেহ ভাসছে। পরে মরদেহ উদ্ধার করে করে বাড়ি নিয়ে আসি।”
রিপন আরও বলেন, তার জানাজা বাদ আছর চর শাঁখচূড়া লাজিম সরকার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
